প্রথম দিনেই বাজিমাত করল ৮৩
প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয় ভারতীয়দের জন্য যে বিরাট এক রোমাঞ্চকর ঘটনা, তা নতুন করে প্রমাণিত হল সেই জয়কে উপজীব্য করে নির্মিত সিনেমার বাজিমাতে।
বড়দিনের মধ্যে শুক্রবার মুক্তির পরপরই দর্শকদের কাছ থেকে ভালোই সাড়া পেয়েছে ‘৮৩’। প্রশংসা কুড়াচ্ছেন অভিনেতা রনবীর সিংও।
এনডিটিভির চলচ্চিত্র সমালোচক সাইবল চ্যাটার্জি সিনেমাটিকে পাঁচের মধ্যে চার তারকা দিয়েছেন। এছাড়াও তিনি একে উত্তেজনাপূর্ণ ও আলোড়ন তোলা সিনেমা বলে অভিহিত করেছেন।
চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ সিনেমাটির ‘চমৎকার ওপেনিং’ পাওয়ার কথা বলছে বলে জানিয়েছে এনডিটিভি।
প্রথম দিনে ১২ কোটি ৬৪ লাখ রুপি আয় করেছে সিনেমাটি।
নগরের প্রিমিয়াম মাল্টিপ্লেক্স চমৎকার, শহরে সাড়া পেলেও তার বাইরে সাধারণদের কাছ থেকে আশানুরূপ সাড়া মেলেনি বলে তরন আদর্শের বিশ্লেষণ।
‘৮৩’ সিনেমাটিতে রণবীর সিং ভারতীয় ক্রিকেট দলের তৎকালীন অধিনায়ক কপিল দেবের ভূমিকায় অভিনয় করেছেন। বাস্তব জীবনে রনবীরের স্ত্রী দীপিকা পাড়ুকোন অভিনয় করেছেন কপিল দেবের স্ত্রী রোমি দেবের চরিত্রে।
এছাড়াও অভিনয় করেছেন সাকিব সেলিম, তাহির রাজ ভাসিন, জিভা, চিরাগ পাটিল, হার্ডি সান্ধু, যতিন সারনা, দিনকার শর্মা প্রমুখ।
কবির খান নির্মিত এই চলচ্চিত্রটি প্রযোজনায় দীপিকাও রয়েছেন।
১৯৮৩ সালে ভারত প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয়ের স্বাদ পায় ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে। ওয়ানডে বিশ্বকাপ শুরুর পর তার আগের দুই আসরেই শিরোপা জিতেছিল ক্যারিবিয়ানরা।
পরে ভারত আরেকবার বিশ্বকাপ ক্রিকেট জেতে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে। সেই ধোনিকে নিয়েও বায়োপিক হয়েছে বলিউডে।
