রুবেল গিনেস বুকে আবেদন করতে চান কেন
সাড়ে তিন দশকের ক্যারিয়ারে ৯৭ জন নায়িকার বিপরীতে অভিনয় করেছেন নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল; আর তিনজন নায়িকার বিপরীতে অভিনয় করতে পারলেই গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলতে আবেদন করবেন তিনি।
বেসরকারি টিভি চ্যানেল মাছরাঙা টেলিভিশনের এক অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ প্রসঙ্গে কথা বলেন।
পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জিজ্ঞাসায় রুবেল বলেন, “আর তিনজন হিরোইনের সঙ্গে কাজ করতে পারলেই আমি গিনেস বুকে আবেদন করব।”
আবেদন করবেন কী কারণে-এ প্রশ্নের জবাবে ‘লড়াকু’ নায়ক বলেন, “আমার জানা মতে, কোনো হিরো ১০০ জন হিরোইনের সঙ্গে কাজ করেছেন-এমনটা আমি শুনিনি। আমি জানি না। আমার ভুলও হতে পারে।”
এর আগে সর্বোচ্চ কতজন নায়িকার বিপরীতে অভিনয় করে বিশ্বের কোন নায়কের নাম গিনেস বুকে উঠেছে- তার সুনির্দিষ্ট কোনো তথ্য জানা নেই রুবেলের। তবে বলিউডের প্রয়াত অভিনেতা ঋষি কাপুর তার দীর্ঘ ক্যারিয়ারে ৬৬ কিংবা ৭৬ জন নায়িকার বিপরীতে অভিনয় করেছেন বলে ‘শুনেছেন’ তিনি।
অবশ্য গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে ঋষি কাপুরের এমন কীর্তির কোনো তথ্য মেলেনি।
বলিউডের সবচেয়ে বড় চলচ্চিত্র পরিবার হিসেবে ঋষি কাপুরের পরিবারের নাম পাওয়া গেছে গিনেস বুকে। সেখানে ঋষির পিতামহ অভিনেতা পৃথ্বীরাজ কাপুর ও বাবা রাজ কাপুরসহ পরিবারের অন্যান্য সদস্যের নাম রয়েছে।
আশির দশকের শুরুর দিকে প্লেব্যাক শিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিষেকের পর ১৯৮৬ সালে পরিচালক শহীদুল ইসলাম খোকনের হাত ধরে ‘লড়াকু’ চলচ্চিত্রে অভিনেতা হিসেবে অভিষেক হয় রুবেলের।
বড় ভাই জনপ্রিয় চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানার পথ ধরে তার চলচ্চিত্রে আগমন। তাদের আরেক ভাই কামাল পারভেজও চলচ্চিত্র প্রযোজক ছিলেন, অভিনয়ও করেছেন।
অ্যাকশন হিরো হিসেবে পরিচিত রুবেল দীর্ঘ ক্যারিয়ারে ‘উত্থান পতন’, ‘উদ্ধার’, ‘বীরপুরুষ’সহ প্রায় আড়াইশ চলচ্চিত্রে অভিনয় করেছেন।
রুবেল বলেন, “গিনেস বুকে আবেদন করলেই হবে না। তারা যাচাই-বাছাই করে দেখবে। তারা যদি দেখে পৃথিবীতে আর কারও এমন রেকর্ড নেই, তাহলে সার্টিফিকেট পাব। তিনটি কাজ করতে পারলেই আমি আবেদন করব।
“অন্য কেউ যদি এর চেয়ে বেশি ছবি করে তাহলে নিশ্চয়ই আমার নাম আসবে না। যদি দেখা যায়, আমারটা ঠিক আছে তাহলে তো আমি পাব। আমি আশা রাখতেই পারি। সেই প্রত্যাশা থেকেই আবেদন করছি।”
রুবেল অভিনীত বেশ কয়েকটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে ‘ধ্বংস মানব’, ‘অপরাধ জগৎ’, ‘বীর বাঙালি’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রের শুটিং শেষ করেছেন তিনি।
রুবেলের ভাষ্যে, বাংলাদেশের একজন কেউ গিনেস বুকে জায়গা পেলে দেশের মুখ উজ্জ্বল হবে।
অভিনেতা রুবেল বাংলাদেশ কারাতে ফেডারেশনেরও সভাপতি ছিলেন।
