২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর ‘বাঘ’ নিয়ে মঞ্চনাটক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বান্দরবনে রাষ্ট্রীয় সফরকালে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কাছ থেকে উপহার হিসেবে পাওয়া বাঘের বাচ্চা নিয়ে ‘বাঘ’ শিরোনামে মঞ্চনাটক প্রযোজনা করছে দৃশ্যকাব্য।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2020, 11:49 PM

Updated : 08 Apr 2022, 01:46 AM

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষে বিজয় দিবসে ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিক্ষণ থিয়েটার হলে নাটকটি মঞ্চায়িত হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নাসরিন মুস্তাফার রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন আইরিন পারভীন লোপা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বান্দরবনে রাষ্ট্রীয় সফরকালে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কাছ থেকে উপহার হিসেবে পাওয়া সেই বাঘের বাচ্চাকে ঢাকা চিড়িয়াখানাকে দিয়েছিলেন বঙ্গবন্ধু।

১৯৭৫ সালের ১৫ আগস্ট শহিদ হলেন বঙ্গবন্ধু আর তার সেই বাঘটির ঠাঁই হয়েছিল ঢাকা চিড়িয়াখানার মাটির নিচের এক বদ্ধ কারাগারে। বছরের পর বছর অবর্ণনীয় কষ্ট সইতে হয়েছিল বাঘটিকে। কারণ, বাঘটি ছিল বঙ্গবন্ধুর বাঘ।

১৯৯০-৯১ সালের দিকে হাইকোর্টে রিট মামলা হয়েছিল বাঘটির মুক্তি চেয়ে আর সেই খবরটি প্রকাশিত হয়েছিল দৈনিক সংবাদ পত্রিকায়।

নির্দেশক বলছেন, বঙ্গবন্ধুকে মুছে ফেলার একদা চলমান প্রচেষ্টার সময়কালীন গল্প এটি। বন্দী আর বাঘের গল্পটার শুরু তখন, যখন এই দেশে বঙ্গবন্ধুর নাম নেওয়া ছিল নিষিদ্ধ। আইন করে বন্ধ করা হয়েছিল বঙ্গবন্ধু হত্যার বিচার।

“ধ্বংস করা হয়েছিল বঙ্গবন্ধুর স্মৃতি, বঙ্গবন্ধুর সাথে সম্পর্কিত যা কিছু। লিখিত দলিল ধ্বংস হয়েছে দেদারসে, তাই সত্যিকারের বাঘটার মতোই দেখা মেলে না কাগজে কলমে অনেক কিছুরই। তবে বাঘটার গর্জন যেমন কাঁপিয়ে তুলেছিল বন্ধ কারাগার, একই ভাবে মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু ফিরে এসেছেন আমাদের কাছে।”