জি ফাইভে মুক্তি পেল ওয়েব চলচ্চিত্র ‘মাইনকার চিপায়’
ওভার দ্যা টপ প্ল্যাটফর্ম জি ফাইভ গ্লোবালে মুক্তি পেল বাংলাদেশি অরিজিনাল ওয়েব চলচ্চিত্র ‘মাইনকার চিপায়’।
তরুণ নির্মাতা আবরার আতহার পরিচালিত থ্রিলার ও ডার্ক কমেডি ধাঁচের এ চলচ্চিত্রে অভিনয় করেছেন আফরান নিশো, শ্যামল মাওলা ও শরিফুল রাজ।
পরিচালক আবরার আতহার বলেন, “কমেডি থ্রিলার ধাঁচের এ সিরিজটির প্রত্যেকটি চরিত্র আলাদা গুরুত্ব বহন করে। জি-ফাইভ গ্লোবালের সহায়তা ছাড়া সময়মতো ছবিটির কাজ সম্পন্ন করা সম্ভব হতো না। ‘মাইনকার চিপায়’ শুধুমাত্র বিনোদন মুভি নয়। এতে দেখানো হয়েছে মাদকাসক্তি কীভাবে একজন মানুষকে দুর্বল করে এবং বিপদে ফেলে।”
অভিনেতা আফরান নিশো বলেন, “মাইনকার চিপায় অসাধারন গল্পের একটি রোমাঞ্চকর থ্রিলার কমেডি। এখানে একটি চরিত্রের সাথে আরেকটি চরিত্রের কোন সাদৃশ্য নেই। এই ধরনের ফিল্মে এটাই আমার প্রথম কাজ। গ্লোবাল জি-ফাইভ, গুড কোম্পানি ও টিমের সবাই কাজটি সফলভাবে শেষ করতে কঠোর পরিশ্রম করেছে। দর্শকরা নিসন্দেহে এটি পছন্দ করবে।”
জি ফাইভের অ্যাপে বিশ্বের যে কোনো জায়গা থেকে চলচ্চিত্রটি উপভোগ করতে পারবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
