শততম জন্মবর্ষে বিখ্যাত ‘বাঙাল’ ভানু
পুরানো ঢাকার ছেলে কলকাতার বিখ্যাত অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়।ঢাকার সেন্ট গ্রেগরি’স হাই স্কুল এবং জগন্নাথ কলেজে শিক্ষা শেষ করে কলকাতায় আসেন ১৯৪১ সালে। এরপরে তার চলার ইতিহাসে অসংখ্য মানুষের হাসির গল্প জড়িয়ে আছে।
ভানু- এমনই একজন শিল্পী!
এই শিল্পী অনেকের মতই নীরবে স্মৃতিতে কড়া নাড়েন অনেকের। এরমাঝে আরাফাত শান্ত একজন। তিনি লিখলেন ভানহীন ভানুকে নিয়ে।
ভানু বন্দ্যোপাধ্যায় কেন আট দশটা সিনেমার তারকাদের চেয়ে ভিন্ন তা নিয়ে ভাবছিলাম সকাল থেকে। উনি অভিনয়ে আসছিলেন বলা যায় এমনি এমনি। ছোটবেলায় পাড়ার এক নাটকের দল প্রস্তুত হচ্ছিলো, উনি বসে বসে দেখছিলেন তামাশা। বলা নেই কওয়া নেই হুট করে একজন লাঠি দিয়ে মাথায় আঘাত করে বললো, এখানে কি? ব্যাপারটাকে তিনি সিরিয়াসলি নিলেন। এরপরে এতই ভালো অভিনয় করা শুরু করলেন, সব খানেই অভিনয়। যেটা সব সময় তাঁর ছিল সেটা হলো সাহস। ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ শক্ত জুতো পড়তেন, কিছুটা খর্বকায় থাকার দরুন, ছেলেরা টাট্টু ঘোড়ার আওয়াজ করতো। কিন্তু কেউ স্বীকার করতো না। এরকম রাশভারী লোকের সাথে এরকম দুষ্টুমি তো আর মানায় না। জিগ্যেস করার সাথে সাথেই ভানু বলে দিয়েছেন, তিনি এই কাজটা করেন। ডক্টর সাহেব হেসে নাকি বলেছেন, তুই নাকি ভালো অনুকরণ করতে পারিস আমাকে। বিপ্লবীদের দলে ছিলেন, নাটকের দলে ছিলেন এরপর পড়াশোনা শেষ করে ঢাকায় থাকা হয় নি তাঁর জামাইবাবুর কারনে। জামাইবাবু দাঙ্গার ভেতরে এমন অনিশ্চিত জীবন পছন্দ করতেন না। নিয়ে এসে এক স্টিল কোম্পানীতে চাকরি জুটিয়ে দিলেন। কলকাতাতেই উনার পেশাদার নাটক আর যাত্রাতে কাজ শুরু। তখন গান গাইতেন না, কমেডি করে বিখ্যাত হবেন সেই ব্যাপারও আসে নাই। আড্ডা মারতেন আর জামাইবাবুর কথা মান্য করতেন। তো জামাইবাবু টাইম মেইনটেন করতেন খুব। একদিন ভানু মশায় আসতে দেরি করেছেন, সেই জামাইবাবু রেগে মেগে সবার খাওয়াই বন্ধ। খাওয়া আলমারীতে শেকল দিয়ে। ভানু দেরিতে এসে খেয়ে দেয়ে আবার আড্ডা দিতে চলে গেল। হতাশ হয়ে উনার জামাই বাবু জানালেন, তো আমার আর রেগে কি লাভ হলো। যার উপর রাগলাম সেতো দিব্যি খেয়ে দেয়ে গায়ে বাতাস লাগিয়ে ঘুরছে। ভানু অবশ্য তাঁর স্ত্রীকে বলতেন, আমার উপর রেগে আছো। রাগটা মেইনটেন করো, এই তোরা তোর মায়েরে জ্বালাইস না, রেগে থাকতে দে?
কলকাতায় নাটকে কাজ করার সময় দেখলেন, উনাকে লোকে সমীহ করে কম।
কারন হিসাবে সবাই বলে, 'তোমার জিহ্বার আড় ভাঙে নি।' উনি এরপর সিদ্ধান্ত নিয়েছিলেন জীবনে যদি ছবি টবিতে কাজ করেন, অবশ্যই বাঙ্গাল ভাষাতেই খালি কথা বলবেন, জিহবার আড় আর ভাঙবেন না ।
টুকটাক তখন বিচিত্রা অনুষ্ঠান করতেন। গান গাইতেন। কিছুটা অন্যরকম চেহারার জন্য পরিচালকেরা উনাকে দিয়ে জোকারের রোল করাতেন। এরপর তো তাঁর সিনেমার ইতিহাস শুরু। তাঁর ছবি দেখতে সিনেমা হল ভেঙ্গে মানুষরা আসতো।
তাঁর কি ডায়লগ, 'এতো সে পাল নয়, সাক্ষাৎ পাল বংশ' কিংবা 'খ্যাংড়াকাঠির উপর আলুর দম'। এসব কথা তখন মানুষের মুখে মুখে। অসংখ্য দিন তিনি স্ত্রী পুত্র কন্যাদের নিয়ে কোথাও বেড়াতে যান নি। যেখানেই যেতেন লোকে লোকে লোকারন্য। অনেকেই জানেন না তিনি হিন্দি ছবিও করেছেন, তাতেও নাম কামাতে শুরু করেছিলেন। অনেকে বুদ্ধি দিলেন, বোম্বাইতে গেলে অনেক নাম আর টাকা পয়সা হবে তোর। তিনি সাধারণ ভাবেই বলেছেন, 'এমনিতেই নিজের দেশ ছাইড়া আরেক দেশে আইছি, এখন আরেক দেশে গেলে বেইমানী আর শরীর সইবো না।' টাকা পয়সা নিয়ে খুব একটা ভাবতেন না কখনোই। কত পরিচালক প্রযোজক তাঁর টাকা দেয় নি। হুট করে কোনো পরিচালক তাকে দেখে লুকালে বলতেন, 'আর লুকায়া কি হইবো? চলো মিয়া দুই ভাই টিফিন খাই'। কেউ কেউ পরে তাঁর টাকা দিলে তিনি অত্যন্ত খুশী হতেন, স্ত্রীকে বলতেন-- 'নীলিমা তুমি যে কও মানুষ নাকি ভালো না। দেখছো কি করছে এই মশাই?' অভিনেতা জহর রায়কে উনি খুব ভালোবাসতেন। উনার সামান্য লেখালেখির ভেতরে জহর রায় কে নিয়েই দুটো লেখা। উত্তম কুমারকে নিয়ে লেখা একটা। আর আরেকটা লেখা। মানুষ কেন হাসে?
তবে এতটুকুতেও বোঝা যায় না ভানু বন্দ্যোপাধ্যায়ের বিশেষত্ব। উনি অভিনেত্র সংঘের বড় পদে ছিলেন। টেকনিশিয়ানদের পক্ষে সব সময় ছিল তাঁর অবস্থান। প্রযোজক সমিতির সাথে টুকটাক লড়াই তখন লেগেই থাকতো। এই প্রযোজক সমিতি একবার সত্যজিতের 'গোপী গাইন বাঘা বাইন' ছবির স্ক্রিনিং আটকে দিয়েছিল, উনি রীতিমত আন্দোলন করে তা হলে ফিরিয়েছেন। তাঁর সময়কার সব অভিনেতাই পরে আপোষ করে, প্রযোজকদের সাথে সিনেমা করেছেন। উনি আপোষ করেননি এক চুলও। চলে গেছেন যাত্রার কোম্পানীতে। তাঁর এই যাত্রার জীবন নিয়ে তেমন গল্প শুনবেন না। অথচ তিনি নিজের অক্লান্ত পরিশ্রম করে একটা সফল যাত্রা কোম্পানী গড়ে তোলাছিলেন। যার সব শোই হতো হাউজফুল। এই যাত্রা করতে গিয়ে তিনি স্কুলে ঘুমিয়েছেন, মুড়ি জিলাপী খেয়ে দিন পার করেছেন। রাতের পর রাত জেগেছেন।
বৈকুণ্ঠের উইল, গোপাল ভাড়, জমালয়ে জীবন্ত মানুষ এসব তিনি যাত্রায় আনেন। যাত্রা শিল্পীদের জন্যেও তিনি প্রচুর কাজ করেছেন। তবে মানুষের ভালোবাসাই তাঁর একমাত্র স্বীকৃতি। এমন অনেক জায়গায় উনি গিয়েছেন সাথে উত্তম কুমার সুপ্রিয়া দেবী, লোকজন উনাকে দেখতেই উন্মুখ। আট দশ মেইল হেঁটে লোকজন আসতো তাঁর যাত্রা দেখতে। রাষ্ট্রীয় সম্মাননা পান নি। তাঁর সন্তান যখন জাতীয় পুরষ্কার পেল, ছবি বিশ্বাস নাকি শিখিয়ে দিয়েছিল, বাবাকে গিয়ে বলবি দেখো কিভাবে পুরষ্কার পেতে হয়। প্রয়াত হবার পরেও টিভিতে তাঁর সিনেমার ক্রেডিট যেত না, ক্যাসেট কোম্পানী রেকর্ড কোম্পানি গুলো টাকা দিত না, তেমন কেউ খোঁজ রাখতো না। তবে অভিনেতা অভিনেত্রীরা সব সময় আসতেন।
অভিনেতারা এসে বলতেন, 'প্রডিউসার টাকা দিত না, উনি নিজের টাকা হাতে দিয়ে বলতেন, মাকে বলবি সিনেমায় টাকা পয়সার ছড়াছড়ি।' মাঝেমধ্যে মনে হয় খালি সিনেমা করে গেলে তিনি আরো অনেকদিন বাঁচতেন। কিন্তু তিনি ভানু বন্দ্যোপাধ্যায়, অন্যায় আর অবিচারের সঙ্গে কখনো একমত হন নি।
এ বছর ভানুর জন্মশতবার্ষিকী, আশাকরি সাড়ম্বরে পালিত হবে না কোথাও। জন্মদিনে অনেক অনেক শ্রদ্ধা।
লর্ড ভানু বেঁচে থাকলে বলতেন, 'দেশটাই গেল মিয়া রসাতলে আর আপনারা আইছেন রস আস্বাদনে’...
