ফেরদৌস ওয়াহিদ হাসপাতালে
সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আছেন।
তার সহকারী মোশারফ বিডিনিউজ টোয়েন্টিফের ডটকমকে জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। কয়েকদিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন।
সপ্তাহখানেক আগে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে তার নমুনা পরীক্ষায় করোনাভাইরাস রিপোর্ট ‘নেগেটিভ’ এসেছে।
মোশারফ বলেন, “তারপর থেকে সবকিছু ঠিকই ছিল। কিন্তু আজকে (বৃহস্পতিবার) তিনি খাওয়াদাওয়া ছেড়ে দিয়েছেন। গায়ে জ্বর আসছে আবার যাচ্ছে। চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।”
৬৭ বছর বয়সী এ সংগীতশিল্পী কয়েক বছর ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছেন।
