২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘উত্তম’ কথা

মহানায়ক বললেই শুধু হয়! নামের থেকেও কাজ যখন বেশি আলোচিত হয়- তখন খেতাবই আসল উপাধি। এমনটাই হয়েছে উত্তম কুমারের ক্ষেত্রেও। সাধারণ এক অরুণ কুমার চট্টোপাধ্যায়ের ‘উত্তম’ হওয়ার গল্প আরেকবার তার প্রয়াণ দিব‌স উপলক্ষ্যে পাঠকের জন্য মালায় গাঁথলেন আরাফাত শান্ত।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2020, 04:19 PM

Updated : 10 Oct 2022, 07:18 PM

আমি সেরকম উত্তম কুমার ভক্ত নই। কিছু উত্তম কুমার নিয়ে মানুষ কয়েকটা অদ্ভূত বিশ্লেষণ বিশ্বাস করেন।

যেমন আমার প্রয়াত নানুভাই বিশ্বাস করত উত্তম কুমার নাকি দুনিয়ার সেরা নায়ক।

বিশাল বড় একটা দুনিয়ায় এত অভিনেতা উত্তম কুমার সে যুগেই দুনিয়ার সেরা অভিনেতা নন। মানুষ যখন যাকে দেখে বড় হয় তাকেই ভাবে সেরা।

উত্তম কুমার সেরা না হলেও এই অঞ্চলের সিনেমার অন্যতম উত্তম পুরুষ। লেখিকা তসলিমা নাসরিন অবশ্য বলেছেন- উত্তম কুমার স্রষ্টার মতো। গড যদি হ্যান্ডসাম হয় তবে তা উত্তম কুমারের মতোই হবে দেখতে।

উত্তম কুমারকে সেরকম ‘হ্যান্ডসাম’ লাগেনি। তবে হ্যা, 'নায়ক' সিনেমায় তাঁকে যে পরিমাণ সুদর্শন লেগেছে ওরকম ভালো আর কাউকে কখনও লাগেনি।

রশীদ করীমের অবশ্য ভালো লাগতো প্রমথেশ বড়ুয়াকে। লিখেছেন- সপ্তাহের পর সপ্তাহ কীভাবে তিনি একই ছবি দেখতেন।

ফররুখ আহমেদ ঠাট্টা করে বলেছিলেন, “এ বয়সে এত সিনেমা দেখো না, মাথা বিগড়ে যাবে।”

রশীদ করীমের মাথা বিগড়ায়-নি বরং তিনি হয়েছেন সফল কথা সাহিত্যিক।

গ্যারি কুপারকে নিয়ে উনি যে লেখাটা লিখেছেন সেরকম বাংলাদেশে কোনো সাহিত্যিককে দেখিনি একজন হলিউড অভিনেতা নিয়ে এমন করে লিখতে।

আমি যখন গ্যারি কুপারের সিনেমা দেখি বলা বাহুল্য আমার খুব বেশি ভালো লাগেনি। তবে উত্তম কুমার বাংলা চলচ্চিত্রে মহানায়ক আর কেউ তার ধারে কাছেও নেই।

উত্তম কুমারের বেশির ভাগ সিনেমাই দেখা। টিভিপোকা হওয়ার কারণে সিনেমা দেখাটা হয়েই যায়।

যেমন একটা সিনেমা 'ব্রজবুলি'। তাঁর ক্যারিয়ারে ভাটার টান, তখনও কিন্তু কি সুনিপুণ অভিনয়। চরিত্রটা হল উনি সময় পেলেই বিশাল চাপা মেরে বেড়ায়। পাড়ার সেই দাদাই যেন তিনি হয়ে গেছেন।

অনেকে 'অ্যান্টনি ফিরিংগি' সিনেমার নাম বললে নাক সিঁটকায়। কিন্তু আমার বেশ লেগেছে। মেজাজ খারাপ হলে আমি মান্না দের গানটা গাই।

আবার সাবেক প্রেমিকার ছবি দেখলে ‘আমি যামিনী তুমি শশী হে’ গাইতে গাইতে এক প্রস্থ হাসি।

‘চিড়িয়াখানা’, ‘পথে হল দেরি’, ‘সাগরিকা’, ‘সপ্তপদী’ আরও দশটা এই অঞ্চলের মানুষের মতো আমারও প্রিয়।

উত্তম কুমারকে আমার তেমনি মনে হয়। তিনি সাধারণের মতোই। বড়লোক ছিলেন। তাই বাসায় লোকজন ডেকে পার্টি করতেন, ধেই ধেই করে নাচতেন, সিগারেট খেতেন, আকন্ঠ মদ্যপানে ডুবে থাকতেন।

সিনেমার সেটে তিনি আবার ভিন্ন, সিরিয়াস থাকতেন, হালকা লোকদের এড়িয়ে চলতেন। যেটা হিন্দি সিনেমার সুপারস্টোর রাজেশ খান্না পারেন নি।

খারাপ কিছু লোকের সঙ্গে ছিল তার ওঠা-বসা।

অর্পনা সেনের লেখা পড়ে জেনেছিলাম উত্তম কুমারকে নাকি সত্যজিৎ পছন্দ করতেন না। বিশ্বাস হয় না আমার। সত্যজিৎ না বানালে আমার অন্যতম প্রিয় সিনেমা ‘নায়ক’ বা ‘চিড়িয়াখানা’ কীভাবে পেতাম!

উত্তম কুমারকে নিয়ে সবাই মোটামুটি জানে। তাই সেগুলো আর বলার দরকার নেই।

যা জানেনা তা হল, উত্তম কুমারের প্যাশন। বৈজন্তীমালার সঙ্গে হিন্দি ছবি করার আগে তিনি নাচ অনুশীলন করতেন রাত দিন, যেন বোম্বের নায়িকার সামনে নার্ভাস না হয়ে পড়েন।

উত্তম কুমার নিঃসঙ্গতা পছন্দ করতেন না। জীবনের শেষে এসে হয়ত এটাই তাঁকে বেদনার্ত করেছে।

অবশ্য তখনকার নায়ক নায়িকার অন্য ধাঁচের। তারা অভিনয় করলেও তাকে জীবনের একমাত্র বিষয় ভাবতেন না।

পুর্নেন্দু্ পত্রী একটা চলচ্চিত্র করবেন, তিনি নায়িকা মাধবী মুখার্জিকে নেবেন বলে ভেবেছেন। প্রতিদিন বাসায় গিয়ে ফিরে আসেন। একদিন দেখা হল, নায়িকা জানালেন, “আমি আর অভিনয় করবো না, ব্লক বাটিকের কাজ শিখছি।”

পরিচালক রাজি করালেন অনেক কষ্টে।

নায়িকার বললেন, “আমাকে কদিন সময় দিন, যেটা শিখছি সেটা শেষ করি আগে। আর হাতে প্রচুর ব্যথা, বিশ্রাম নিতে চাই।”

তো সেই যুগ এই যুগ অনেক ব্যাবধান। তবে উত্তম কুমার সব সময়ই উত্তম। ছবি দেখতে বসলে আপনি একঘেয়ে বোধ করবেন না কখনও।

মহানায়কের প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধা। আমরা সবাই তো জলসাঘরে বেলোয়ারী ঝাড়।