২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আকণ্ঠ অভিমান পানে তাল হারানো এক গীতা

আজ গীতা দত্তের প্রয়াণ দিবস।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2020, 07:33 PM

Updated : 18 Aug 2022, 03:29 PM

মাত্র ৪১ বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে গেছেন ভারতের এই সঙ্গীত শিল্পী। তার যাবার কারণ হতে পারে সৃষ্টিকর্তার ইচ্ছা আবার নিজের বাঁচার প্রতি অনিচ্ছাও। গীতা দত্তর গল্প নিয়ে এবার হাজির হলেন আরাফাত শান্ত।

গীতা দত্তকে নিয়ে ভাবতে গেলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার টালমাটাল সমাজ তা নিয়ে ভাবা যায়। এই কোভিড উনিশ আমলের মতোই মানুষ তখন কলকাতা ছেড়ে চলে যাচ্ছে, শহর জুড়ে গুজব যেকোনো সময় জাপানি বোমা পড়বে। যেহেতু গীতা দত্তের বাবা ছিলেন ফরিদপুরের জমিদার, কলকাতায় বিশাল বাড়ীতে আবাস, উনারা পরিবারসহ বোম্বেতে থিতু হলেন। ছোটবেলা থেকেই গান শিখতেন, বড় একটা পরিবারে ভাইবোনদের ভেতরে ছিলেন পঞ্চম।

বোম্বেতে থাকার কারনে তখন তাদের জমিদারি আয় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। সেই কিশোর বেলা থেকেই তিনি গান শেখানোর কাজ করতেন, কারণ রাতারাতি ঘরে অভাব অনটন। হনুমান প্রসাদের নজরে পড়েন প্রথমে, তিনি ভজন রেকর্ড করান। হনুমান প্রসাদ লতা মুঙ্গেশকারেরও শিক্ষক। এরকম সময়ে শচীন কর্তা তার কিশোর বয়সের ম্যাচিউরড গলা শুনে খুশী হয়ে যান। বলে উঠেন, 'এই মাইয়্যার জন্মই তো হইছে ফিল্মে গাওয়ার জন্য।' প্রথম রেকর্ডিংয়েই বলে বসলেন, 'এইখানে বাঙ্গালীর সুনাম অনেক, গান গায়া তোর মান রাখতে হবে'।

গীতা দত্ত সেই মান রেখেছিলেন। অল্প কয়েক বছরেই তিনি হয়ে গেলেন বোম্বের শীর্ষস্থানীয় গায়িকা। ভক্তিমূলক গান আর দুঃখের গান গেয়ে তিনি সবদিকেই প্রতিভাবান শিল্পী হিসাবে পরিচিত। কিন্তু সিনেমার গানে তিনি কণ্ঠে যে মাদকতাটা আনেন তা অন্য কারোর গলায় নেই।

বিখ্যাত সুরকার ওপি নাইয়ার আশাজীকে সব সময় বলতেন, গীতার মত গলাটা বানাও। তিনি সে্রকম চেষ্টা করে হাল ছেড়ে দিয়েছেন কারন গীতার মত গলা কারোর পক্ষেই সম্ভব না। তবে আশা ভাগ্যবান ওপি নাইয়ারের সাথে তিনি গান গাইতে পেরেছেন ৮১টা। আর গীতা দত্তের গান মাত্র ১৮টা। এই ১৮টা গানেই তিনি দেখিয়েছেন, কন্ঠশিল্পী কাকে বলে? তিনি টুকটাক অভিনয়, নায়ি্কার রোল করলেও,  আজীবন ছিলেন গানেরই মানুষ। স্বর সাধনাই তাঁর কাজ। ১৯৫১ সালে শচীন দেববর্মণের সুরে 'বাজি' চলচ্চিত্রে তার গাওয়া গান তার সঙ্গীতজীবনে নতুন দিক আনে। তার কণ্ঠস্বরের যৌনতা এবং পাশ্চাত্য সুরে সহজে মানিয়ে নেওয়ার ক্ষমতার জন্য ১৯৫০এর দশকে লাস্যময়ী এবং ডান্স ক্লাবের গানে তাকে সবার সেরা করে তোলে।

সদ্য কিশোর পেরোনো সময়েই গীতা দত্তের সাথে প্রেম হয় গুরু দত্তের। সিনেমা সুত্রেই পরিচয়। গুরু দত্তের বোন স্মৃতি রোমান্থন করতে গিয়ে বলেছিলেন, শাড়ী পরে লিমোজিন থেকে নামতেন গীতা দত্ত। প্রেমিকের বাসায় গিয়ে আগেই গুরু দত্তের বোনের সাথে গল্প করতেন। শাড়ীটাকে কোমড়ে গুজে মাঝেমধ্যে রান্নাও করতেন। তারপর চিঠিটা দিয়ে, গুরু দত্তকে এক পলক দেখেই আবার লিমোজিনে বাসায় ফেরত। কি দারুণ মিষ্টি প্রেমের গল্প। গীতা দত্তকে যে তখন দেখতো বলে দিতো, তোমার সিনেমায় এত কানেকশন, তুমি তো নায়িকা হতে পারো। তিনি নায়িকা হতে চান নাই, তিনি হতে চেয়েছেন দুর্দান্ত প্রতিভার অধিকারী সিনেমা পরিচালক গুরু দত্তের সহযাত্রী। গীতার বাসা থেকে এই বিয়ের নুন্যতম সায় ছিল না। একটা বাঙ্গালী ছেলেকে দিয়ে গীতাকে প্রায় রাজী করিয়ে ফেলছিলো বিয়ের ব্যাপারে। কিন্তু গুরু দত্ত প্রেমের চিঠিতে সবসময় এমন মিজারেবল প্রমাণ করতেন। যা গীতা দত্তের অস্বীকার করা সম্ভবই ছিল না। অনেক কাঠখড় পুড়িয়ে তাদের বিয়ে হলো। কিন্তু বিয়ের পরেও সন্তান সন্ততি এলেও দুজনের সাথে মিলে না ব্যাটে বলে। তবুও দুজন দুজনকে ছাড়া থাকতে পারে না। গীতা দত্তকে আবার বেঁধে দেয়া হয়েছে গুরু দত্ত ছাড়া আর কারোর ছবিতে গান গাইবেন না। এই কারনেই তখন লতা মুঙ্গেশকারের উত্থান শুরু। যদিও উনি লতাও বলতেন, 'গীতার গলা অনেক জন্ম নিলে একবার পায় মানুষ।'

বাতাসে তখন নায়িকা ওয়াহিদা রেহমানের সাথে গুরু দত্তের উথাল পাতাল প্রেমের গুঞ্জন। গীতা দত্ত তখন গানও কম করেন, বন্ধু তখন তার একমাত্র মদ্যপান। কল্পিত দেবদাসের চেয়েও বেশি আসক্ত ছিলেন তিনি মদে।

গীতা দত্তের দুএকজন কাছের বন্ধু ছিল যারা কথা ছড়াতো নানান পদের। আবার ওয়াহিদা রেহমানের ভাই দাবী করে বসেন, তার বোনের সাথে গুরু দত্তের বিয়ে শুধু সময়ের ব্যাপার। এইসব নানান অস্থির সময়ে গীতা দত্ত গান গাচ্ছেন হাতে গোনা কিছু। বাংলা গানে যিনি কিংবদন্তী তাকে নিয়ে নচিকেতা ঘোষ আর হেমন্ত ছাড়া আর কেউ সুযোগ দেন নাই। এই সীমিত সুযোগেই তিনি বাংলা গানের হয়ে আছেন অমর শিল্পী হয়ে। 

নিশি রাত বাঁকা চাঁদ আকাশে কিংবা তুমি যে আমার ছাড়া কি বাংলা গান কল্পনা করা যায়।

কিছুদিন পরেই এলো সেই দুসংবাদ, গুরু দত্ত আত্মহত্যা করেছেন। তিনি রীতিমত ভেঙ্গে পড়েন সেই সময়। গুরু দত্তের আত্মহত্যা, নার্ভাস ব্রেক ডাউন, সংসারে অশান্তি, অর্থনৈতিকভাবে বিপর্যস্ততায় তিনি অসুস্থ শরীর নিয়েও কাজ করেছেন, গান গেয়েছেন। তাকে হেমন্ত মুখোপাধ্যায় প্রচুর শো ব্যবস্থা করতেন। কিন্তু শরীর সায় দিতো না। হেমন্ত উপস্থিত থাকলে ডুয়েটে তিনি গেয়ে দিতেন।  গীতা দত্তের শরীর এত দুর্বল থাকতো, উনি স্টেজেই ধুম করে ফিট খেয়ে পরতেন।   যেটা অনেকেই জানেন না, গুজরাটি সিনেমাতেও গীতা দত্ত একজন কিংবদন্তী শিল্পী।

শচীন কর্তাই গীতা দত্তকে সব চেয়ে সফল ভাবে গানে এনেছেন বারবার। গীতা দত্ত ৭২ টা গান করেছেন উনার সুরে, এর মধ্যে ৪৩ টাই একক। হিন্দি গানে তার সাথে তুলনা করা যাবে না কারো সাথেই। বেঁচে থাকলে তিনি সবাইকে ছাড়িয়ে যেতেন। তার কন্ঠের বিষন্নতা জীবন্ত হতো সিনেমার নায়িকার লিপে। তবে তিনি হ্যাপি মুডেরও গান গেয়েছেন অনেক, 'এ দিল মুজে বাতা দে' শুনে মুগ্ধ হবে না এমন মানুষ পাওয়া কষ্টের। তবে কাইফি আজমীর কথায় তিনি যখন 'ওয়াক্ত নে কিয়া' গান তখন সারা পৃথিবীর অবষাদ উনার কন্ঠে ভর করে। মাত্র ৪১ বছর বয়সে তিনি মারা গেছেন লিভার সিরোসিসে। এই রোগে তখন তারকাদের মিছিল মৃত্যুর। গীতা বালি, মধুবালা আরও কত বিখ্যাত মানুষ যে লিভার সিরোসিসে মারা গেলেন তখন। গীতা দত্তের স্বাভাবিক চলে যাওয়াটাও এক ধরনের আত্মহত্যা। গুরু দত্তের সুইসাইডের পর তিনিও তেমন জীবনের প্রতি উৎসাহ পান নাই।  অনেকেই বলেন, গুরু দত্তের সাথে প্রেম না হলে গীতা দত্ত হতেন বলিউডের নারী কিশোর কুমার। আমি এদের সাথে একমত নই। আমরা কি জানি কার জীবন কেমন হতে পারতো। জীবন তো এমনি, আমাদের হাতে কি আর থাকে সব সিদ্ধান্ত! তনুজার কন্ঠে গীতা দত্তের শেষ দিকের গান, 'মুজে জান না কাহো মেরি জান' এইসব চিরন্তন আবেগ নিয়েই তো আমাদের জীবন। প্রয়াণ দিবসে শ্রদ্ধা, ভালোবাসা ও স্মরণ গীতা দত্তের প্রতি।

গীতা দত্তের একটি অমর গান- ‘তুমি যে আমার’