চলচ্চিত্র পরিবেশক বিজয় পাল আর নেই
চলচিত্র পরিবেশক প্রতিষ্ঠান ছায়াবাণীর অন্যতম স্বত্বাধিকারী বিজয় কৃষ্ণ পাল মারা গেছেন।
কাকরাইলের ইসলামি ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নেওয়ার পথে গত সোমবার সকাল সাড়ে ১০টায় তার মৃত্যু হয়েছে বলে তার ছেলে জয়দীপ পাল জানান।
বিজয়ের বয়স হয়েছিল ৭৬ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।
‘নীল আকাশের নীচে’, ‘এতটুকু আশা’, ‘ক,খ,গ,ঘ,ঙ’র মতো দর্শকনন্দিত চলচ্চিত্র পরিবেশনায় সঙ্গে যুক্ত ছিলেন তিনি।
বাবার মৃত্যুর পর ছায়াবাণীর দেখভালের দায়িত্ব বিজয় পাল নিলেও নব্বইয়ের দশকের শেষভাগে পরিবেশনা প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায়।
তার পৈতৃক নিবাস ব্রাক্ষণবাড়িয়া সদরে; তিনি পরিবার নিয়ে রাজধানীর শান্তিনগরে বাস করছিলেন।
পারিবারিক সিদ্ধান্তে ঢাকার সবুজবাগ শ্মশানে সোমবার বিকাল ৪টায় তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে বলে জানান জয়দীপ।
বিজয় কৃষ্ণ পাল দুই মেয়ে জয়তী পাল, জয়শ্রী পাল ও এক ছেলে জয়দীপ পালকে রেখে গেছেন।
