‘রেড জোনে’ চলছে নাটকের শুটিং
রাজধানীর উত্তরাকে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করার পরও সেখানে টিভি নাটক ও বিজ্ঞাপনের শুটিং চলছে; সরকারি নির্দেশনা ভেঙে কেউ শুটিং করলে তার দায়ভার সংগঠন নেবে না বলে জানিয়েছে ডিরেক্টর গিল্ড।
করোনাভাইরাস সঙ্কটের মধ্যে উত্তরাসহ রাজধানীর উচ্চ ঝুঁকিতে থাকা ৪৫টি এলাকাকে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করে রোববার তালিকা প্রকাশ করেছে করোনাভাইরাস প্রতিরোধে গঠিত জাতীয় কমিটি।
ঝুঁকি এড়াতে ‘রেড জোন’ এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করে জনসাধারণের চলাচলে লাগাম টানার সরকারি নির্দেশনার মধ্যেই উত্তরার বিভিন্ন শুটিং হাউজে শুটিংয়ের খবর মিলেছে।
সোমবার ও মঙ্গলবার শুটিংয়ের পর বুধবারও একাধিক শুটিং হাউজে নাটক ও বিজ্ঞাপনের শুটিংয়ের বুকিং রয়েছে বলে জানিয়েছে শুটিং হাউজ ওনার্স অ্যাসোসিয়েশন।
নাটকের সহযোগী সংগঠনগুলো বলছে, সরকারি নির্দেশনা উপেক্ষা করে ‘রেড জোনে’ কেউ শুটিং করলে তার দায়ভার সংগঠন নেবে না।
সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হবে কি না-এমন প্রশ্নের জবাবে ডিরেক্টর গিল্ডের সাধারণ সম্পাদক এস এ হক অলিক গ্লিটজকে বলেন, “আপনার কাছ থেকে শুনলাম কয়েকজন শুটিং করেছে। তারা সরকারের অনুমতি নিয়েছে কি না তা আমাদের জানা নেই। অনুমতি না নিয়ে থাকলে দুঃখজনক। আর নিয়ে থাকলে আমাদের কিছুই করার নেই।”
করোনাভাইরাসের মধ্যে বিশেষ প্রয়োজন ছাড়া নির্মাতাদের শুটিংয়ে নিরুৎসাহিত করা হচ্ছে বলে জানান অলিক।
শুটিং বন্ধের বিষয়ে টিভি নাটকের সংগঠনগুলোর কোনো নির্দেশনা না পাওয়ায় শুটিং চালিয়ে যাচ্ছেন বলে গ্লিটজকে জানান শুটিং হাউজ ওনার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা খলিলুর রহমান।
তিনি বলেন, “সীমিত পরিসরে শুটিং করা চলছে। তবে শুটিং বন্ধের বিষয়ে সংগঠন থেকে কোনো নির্দেশনা পেলেই আমরা শুটিং রাখব।”
তবে ‘রেড জোনে’ শুটিং বন্ধের বিষয়ে এখনও সাংগঠনিকভাবে আলাদা কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান অলিক। ‘রেড জোনে’ কেউ শুটিং করলে নিজ দায়িত্বেই করতে হবে; সংগঠন থেকে কারো দায়িত্ব নেওয়া হবে না বলে সতর্ক করেন এ নির্মাতা।
গত ৩১ মে থেকে সরকারি অফিস, আদালত, গণপরিবহন খুলে দেওয়ার সরকারি সিদ্ধান্তের পর শর্তসাপেক্ষে স্বাস্থ্য বিধি মেনে ১ জুন থেকে টিভি নাটকে শুটিং শুরু করেছে সংগঠনগুলো।
