২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাস: ঘরে থেকে কনসার্টে বিশ্বখ্যাত তারকারা

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের অগ্রভাগের সেনানীদের সহায়তায় বিশেষ কনসার্টে এলেন বিশ্বখ্যাত একঝাঁক তারকা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2020, 01:01 PM

Updated : 18 Aug 2022, 02:53 PM

‘দ্য ওয়ান ওয়ার্ল্ড: টুগেদার অ্যাট হোম’ শিরোনামে আট ঘণ্টার এই আয়োজন শনিবার মধ্যরাত থেকে সম্প্রচারিত হচ্ছে ইন্টারনেটে।

 

রোলিং স্টোনসের সব সদস্য ও বিলি আইলিশসহ শতাধিক শিল্পী নিজেদের ঘর থেকে সরাসরি পরিবেশনায় অংশ নিচ্ছেন।

গ্লোবাল সিটিজেন মুভমেন্ট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) আট ঘণ্টার এই বৈশ্বিক আয়োজন করেছে। এতে সহযোগিতা করছেন সুপারস্টার লেডি গাগা।

এক বিবৃতিতে গ্লোবাল সিটিজেন বলেছে, “এই মুহূর্তে আমরা হয়ত আলাদা আছি। কিন্তু একসঙ্গে হওয়ার জন্য এর চেয়ে গুরুত্বপূর্ণ সময় আর আসেনি।”

মার্কিন টিভি ব্যক্তিত্ব স্টিফেন কোলবার্ট, জিমি কিমেল ও জিমি ফ্যালোনের সঞ্চালনায় অনুষ্ঠেয় এই প্রদর্শনীতে অন্যদের মধ্যে এলটন জন, টাইলর সুইফ্ট ও ওপরা উইনফ্রিকেও দেখা যাবে।

রোলিং স্টোনস ব্যান্ডের চার সদস্যের সবাই- মিক জ্যাগার, কিথ রিচার্ডস, চার্লি ওয়াটস ও রনি উড এতে অংশ নেবেন।

দুই পর্বে বিভক্ত কনসার্টটি সারা বিশ্বের দর্শকরা উপভোগ করতে পারবেন। বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ১২টা থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত লাইভ স্ট্রিমিং চলবে। এরপর দুই ঘণ্টা টেলিভিশনে সম্প্রচার করা হবে।

যুক্তরাজ্যে স্থানীয় সময় রোববার সন্ধ্যা সোয়া ৭টা থেকে রাত সোয়া ৯টা পর্যন্ত ( বাংলাদেশ সময় সোমবার রাত সোয়া ১টা থেকে সোয়া ৩টা) বিবিসি ওয়ান কনসার্টের চুম্বক অংশ তুলে ধরবে।

করোনাভাইরাস প্রাদুর্ভাব মোকাবিলার লড়াইয়ে থাকা নার্স ও ডাক্তারদের বাস্তব জীবনের গল্পও তুলে ধরা হবে ওই অনুষ্ঠানে।

কনসার্ট থেকে পাওয়া অর্থ ডব্লিউএইচওর জন্য কোভিড-১৯ সলিডারিটি রেসপন্স ফান্ডে দেওয়া হবে।