২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাস: পরবর্তী অভিজ্ঞতা জানালেন রিটা উইলসন

গনমাধ্যমে দেওয়া এক সাক্ষাতকারে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার অভিজ্ঞতা তুলে ধরেছেন অস্কার বিজয়ী অভিনেতা টম  হ্যাঙ্কসের স্ত্রী সংগীত শিল্পী রিটা উইলসন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2020, 08:37 PM

Updated : 08 Apr 2022, 12:38 AM

‘সিবিএস দিস মর্নিং’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেন, “আমার খুব ক্লান্তি লাগত, প্রচণ্ড ব্যাথা অনুভূত হতো। একটা অস্বস্তিকর অনুভূতিও ছিল। আমি চাইতাম না কেউ আমাকে স্পর্শ করুক। আর এরপরই শুরু হলো জ্বর।”

জ্বর ১০২ ডিগ্রী পর্যন্ত উঠেছিল এবং পুরোটা সময় ক্লান্তিকর ছিল বলেও জানান রিটা।

করোনা থেকে সেরে ওঠার পর এখন স্বামী টম হ্যাঙ্কসের সাথে লস অ্যাঞ্জেলেসে অবস্থান করছেন তিনি। হ্যাঙ্কসের আক্রান্ত হওয়ার লক্ষণ তার চেয়ে কিছুটা কম ছিল বলেও সাক্ষাতকারে জানিয়েছেন রিটা। “তার তীব্র জ্বর ছিল না। স্বাদের অনুভূতিও ছিল স্বাভাবিক। তবে সেরে উঠার ক্ষেত্রে আমাদের দুজনেরই একই সময় লেগেছে।”, জানান রিটা।

অসুস্থ থাকার সময় তাকে ক্লোরোকুইন সেবনের পরামর্শ দেওয়া হয়েছিল। তবে সে কারণেই তিনি সুস্থ হয়েছেন কিনা তা নিশ্চিত না হলেও এর তীব্র পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে বলে জানালেন এ সংগীত শিল্পী।

“জ্বর চলে গেল, কিন্তু ক্লোরোকুইনের তীব্র পার্শ্বপ্রতিক্রিয়া ছিল। মাথা ঝিমঝিম করত এবং পেশীও দুর্বল হয়ে পড়েছিল। আমার মতে এই ওষুধটি গ্রহণের ব্যাপারে আরও বিবেচনার প্রয়োজন রয়েছে। আমরা এখনও জানি না যে এই ওষুধটি এক্ষেত্রে ঠিক কাজ করে কিনা।”

গত মাসে অস্ট্রেলিয়া থাকাকালীন নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানান টম হ্যাঙ্কস ও রিটা উইলসন দম্পতি। সেখানে দুই সপ্তাহের কোয়ারেন্টিন শেষ করে সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে ফিরে যান তাঁরা।