আমাদের জিততেই হবে: টনি ডায়েস
করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জিততে সবাইকে ঘরে থাকার আহ্বান জানালেন টিভি নাটকের এক সময়ের জনপ্রিয় অভিনেতা টনি ডায়েস।
স্ত্রী প্রিয়া ডায়েস ও মেয়েকে নিয়ে দীর্ঘদিন ধরে তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বসবাস করছেন। এ শহরের ১ লাখ ৬০ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত; যা পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় সর্বোচ্চ।
নিউ ইয়র্কে গৃহবন্দি অবস্থায় এক ভিডিও বার্তায় টনি বলেন, “করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে আমাদের জিততেই হবে। ইতিহাসে দেখেছি, সবসময় মানবতারই জয় হয়েছে। এই যুদ্ধে জিততে চাইলে আমাদের ঘরে থাকতে হবে।”
বিশ্বের অন্যান্য মতো বাংলাদেশেও সপ্তাহের পর সপ্তাহ ধরে ঘরবন্দি দশায় দিন কাটছে মানুষের।
“এই সময়ে অনেকের বিরক্ত হতে পারেন। কিন্তু এই সময়টায় নানা কাজে ব্যস্ত থাকতে হবে; বিশেষ করে নিজের মানসিক অবস্থার বিষয়ে নজর দিতে হবে। ইউটিউবে মোটিভেশনাল ভিডিও দেখতে হবে। পাশাপাশি বই পড়ে কিংবা সিনেমা দেখেও সময় কাটাতে পারেন।”
যারা ফটোগ্রাফি কিংবা ভিডিও সম্পাদনাসহ অন্যান্য সৃজনশীল কাজ করতে পছন্দ করতে পারেন তারা এই গৃহবন্দি সময়ে নিজেদের ঝালিয়ে নেওয়ার পরামর্শ দেন এ অভিনেতা।
