নিউ ইয়র্ক ও সিডনির পর ভারতে ‘নো ল্যান্ডস ম্যান’
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও অস্ট্রেলিয়ার সিডনিতে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘নো ল্যান্ডস ম্যান’ চলচ্চিত্রের আশিভাগেরও বেশি দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে; চলতি মাসেই ভারতে বাকি অংশের দৃশ্যধারণ হবে।
মোস্তফা সরয়ার ফারুকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জানুয়ারির মধ্যেই ভারতে চলচ্চিত্রটির শেষ ১৫ ভাগের দৃশ্যধারণ করা হবে। এরপর পোস্ট-প্রোডাকশনের কাজ সম্পন্ন করে মুক্তির তারিখ চূড়ান্ত করবেন বলে জানান এ নির্মাতা।
পৃথিবীতে চলমান অভিবাসন ও পরিচয় সঙ্কটের গল্পে ইংরেজি ভাষার এ চলচ্চিত্রের কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী; অভিনয়ের পাশাপাশি সহ-প্রযোজক হিসেবে আছে তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘ম্যাজিক ইফ ফিল্মস’।
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
‘নো ল্যান্ডস ম্যান’ চলচ্চিত্রটি ২০১৪ সালে প্রথম বুসান ফিল্ম ফেস্টিভালে এশিয়ান প্রজেক্ট মার্কেটে নির্বাচিত হয়। এরপর একই বছর নভেম্বরে ভারতের এনএফডিসি আয়োজিত ফিল্ম বাজারে শ্রেষ্ঠ প্রজেক্টের পুরস্কার লাভ করে। একই বছরের ডিসেম্বরে মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন অফ আমেরিকা এবং এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ড-এর যৌথ উদ্যোগে দেয়া অ্যাপসা ফিল্ম ফান্ড লাভ করে।
প্রতিবছর এশিয়ার দুটি চলচ্চিত্রকে এই ফিল্ম ফান্ডের জন্য নির্বাচিত করা হয়। ২০১৪ সালে এটি পেয়েছিলেন বাংলাদেশের ফারুকী এবং ইরানের জাফর পানাহি।
নওয়াজউদ্দিন ছাড়াও ছবিটি প্রযোজনায় যুক্ত আছেন বাংলাদেশের স্কয়ার গ্রুপের অঞ্জন চৌধুরী, আমেরিকান প্রযোজক শ্রীহরি শাথে, নুসরাত ইমরোজ তিশা ও মোস্তফা সরয়ার ফারুকী।
ফারুকীর আরেক চলচ্চিত্র ‘শনিবার বিকেল’ সেন্সর বোর্ডের এখনও আটকে আছে। ছবিটি আদৌ ছাড়পত্র পাবে কি না তা সেন্সর বোর্ডের চেয়ারম্যান নিশ্চিত করতে পারেননি।
