২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছায়ানটে চার ‍নৃত্যশিল্পীর ‘পরম্পরা’

শাস্ত্রীয় নৃত্যের তিন ধারা মণিপুরি, ভরতনাট্যম আর কত্থক পরিবেশনায় গত শনিবার মুখরিত হয়েছিল ছায়ানট মিলনায়তন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2019, 09:23 AM

Updated : 10 Oct 2022, 09:50 PM

উপমহাদেশের শাস্ত্রীয় নৃত্যগুরুদের রচিত নৃত্য প্রযোজনাগুলো তারা উপস্থাপন করেছেন নিজস্ব আঙ্গিকে, নিজস্ব ঢঙে।

নৃ্ত্যশিক্ষা প্রতিষ্ঠান নৃত্যনন্দনের প্রযোজনায় সেই সন্ধ্যায় পারফর্ম করেন এ সময়ের চার ব্যস্ততম নৃত্যশিল্পী সুদেষ্ণা স্বয়ংপ্রভা তাথৈ, মারিয়া ফারিহ্ উপমা, মৌমিতা রায় জয়া ও এস এম হাসান ইশতিয়াক ইমরান।

সুদেষ্ণা স্বয়ংপ্রভা তাথৈ

মণিপুরী লাস্য আঙ্গিকের ‘নুপি জাগোই’ এর মাধ্যমে প্রথম পরিবেশনা শুরু করেন সুদেষ্ণা স্বয়ংপ্রভা তাথৈ। এ নৃত্যে বৃন্দাবনের গোপীগণভগবান শ্রীকৃষ্ণের রূপ বর্ণণা করেন। নৃত্যটি ১১ মাত্রার তাল এবং ৪ মাত্রার তানচেপ তালে নিবদ্ধ।

তাথৈর দ্বিতীয় পরিবেশনা ‘ঘনবাড়ি প্রবন্ধ’-এ উঠে নানা ভাবাবেগে বর্ণিত হয় ঋতু বর্ষার গল্প। এই নৃত্যের সংগীতের চরণগুলো নেওয়া হয়েছে  বাল্মিকীর রামায়ণ থেকে।। দক্ষিণ ভারতের তিল্লানা ও উত্তর ভারতের তারানার মতোই একটি তানুমের মধ্যে দিয়ে এই নৃত্য পরিবেশনা শেষ হয়। এটি ৪ মাত্রার তানচপ তালে ও ৭ মাত্রার তেওড়া তালে নিবদ্ধ।

মারিয়া ফারিহ্ উপমা

ভরতনাট্যম পরিবেশনায় মারিয়া ফারিহ্ উপমা তার পরিবেশনা শুরু করেন ‘নারায়না কৌতুনহম’ এ। কৌতুনহম এসেছে সংস্কৃত কুথু শব্দটি থেকে। কুথু অর্থ ছন্দাশ্রিত কথা বা বাণী। ‘নারায়না কৌতুনহম’- এ ছন্দাশ্রিত বাণীতে ভগবান বিষ্ণুর বন্দনা করা হয়েছে।

অভিনয়নির্ভর এই নৃত্যে প্রথমার্ধে ছন্দ ও দ্বিতীয়ার্ধে সুরে গুরুত্বারোপ করা হয়েছে। ‘নারায়না কৌতুনহ ‘ নাট্যই রাগ ও চাতুশ্র একম তালে আশ্রিত।

অভিনয় আঙ্গিকের পরিবেশনায় উপমা এরপর পরিবেশন করেন নৃত্য প্রযোজনা ‘পাদম’। পাদমের প্রথম অংশে পললবিতে কৃষ্ণের প্রতি রাধার বিরাগ, মধ্যে আনুপাললাবিতে কৃষ্ণকে রাধার তিরস্কার আর শেষে চারানামে রাধার কৃষ্ণকে ফিরিয়ে দেওয়ার কাহিনিই চিত্রিত হয়েছে।

‘পাদম’ সুরুটি রাগ, মিশ্রচাপু তালে নিবদ্ধিত।

এরপর উপমা নাট্যসই রাগ ও আদি তালে পরিবেশন করেন ‘কির্তানাম’, যে নৃত্যে বন্দিত হন সিদ্ধিবিনায়ক গণেশ।

মৌমিতা রায় জয়া

‘শিব বন্দনায়’ কত্থক পর্বের শুরু করেন মৌমিতা রায় জয়া। ঝাপতালের নৃত্যটিতে তেহাই, তোড়া, টুকরা, পারান, পারনমেলু, লাড়ির মাধ্যমে তিনি বর্ণনা করেছেন সর্পযুক্ত মালা পরিহিত ভগবান শিবকে।

এরপর উর্দু কবি মির্জা গালিবের ‘দিল হি তো হ্যায়’গজলে কত্থক পরিবেশনায় মৌমিতা ধর্ম চর্চার পাশাপাশি সামাজিক নানা বন্ধনের কথা তুলে ধরেন।

এস এম হাসান ইশতিয়াক ইমরান তার কত্থক পরিবেশনা শুরু করেন ‘গুরু বন্দনা’য়।

এরপর টুকরা, আমাদ, পরান চক্করে কত্থকে ইমরান পরিবেশন করেন তাল ত্রিতাল।

শেষে সৌন্দর্য ও রোমান্টিকতার ঋতু ‘বসন্ত’ বন্দনায় ইমরান শেষ করেন তার পরিবেশনা ।