আহমেদ ইমতিয়াজ বুলবুলের শেষ প্রজেক্ট নিয়ে রিজভী ও ন্যান্সি
প্রয়াত প্রখ্যাত গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুলের সঙ্গে শেষ প্রজেক্টে যুক্ত ছিলেন কণ্ঠশিল্পী রিজভী ওয়াহিদ। তার জন্য পাঁচটি গান তৈরি করেছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। কিন্তু সেই গানগুলো মুক্তি দেখে যেতে পারেননি এই সুরের যাদুকর। সেই গানগুলো এবার মুক্তি পেতে যাচ্ছে।
পাঁচটির মধ্যে দুটি গান রিলিজ পেলেও আরও তিনটি গান মুক্তির অপেক্ষায়। এ পর্যায়ে রিজভী ওয়াহিদের সঙ্গে যুক্ত হয়েছেন কণ্ঠশিল্পী ন্যান্সি। আহমেদ ইমতিয়াজ বুলবুলের তৈরি করা ট্র্যাকে অস্ট্রেলিয়ার প্রফেশনাল স্টুডিওতে দুটি গানে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি।
গান দুটি হচ্ছে ‘ও হাওয়া’ এবং ‘উড়তে উড়তে যারে পাখি’। এই গান প্রসঙ্গে রিজভী ওয়াহিদ বলেন, “আমি খুব সৌভাগ্যবান যে স্যারের সুর সংগীতে গাইতে পেরেছি। একই সঙ্গে দুর্ভাগ্য এটাই যে গানগুলোর মুক্তি স্যার দেখে যেতে পারেননি। আর এবারের দুটি গানে সহশিল্পী হিসেবে ন্যান্সিকে পেয়ে দারুণ লাগছে।”
গান দুটির মিক্স ও মাস্টারিং করেছেন রেজওয়ান সাজ্জাদ। আহমেদ ইমতিয়াজ বুলবুলের প্রথম মৃত্যুবার্ষিকীতে গান দুটির মিউজিক ভিডিও মুক্তি পাওয়ার কথা জানিয়েছেন কন্ঠশিল্পী রিজভী।
