শিল্পীদের রায়ের অপেক্ষায় মৌসুমী-মিশা
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে ভোটগ্রহণ শেষ গণনা চলছে। ভোটের ফলাফল পাওয়ার অপেক্ষায় এফডিসিতে অবস্থান করছেন দুই সভাপতি প্রার্থী মিশা আরিফা জামান মৌসুমী ও মিশা সওদাগর।
ভোট গণনা শেষ হওয়ার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ফলাফল ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে বেশ বিব্রতকর পরিস্থিতে পরতে হয়েছে তাদের। অনেকে ফোন করে বিষয়টি নিয়ে জানতে চাচ্ছেন বলে জানান মিশা।
তিনি বলেন, “রেজাল্ট এখনও পাইনি। লাইভ গণনা চলছে। ফেইসবুকে অনেকে নানাভাবে শুভেচ্ছা জানাচ্ছে। অথচ আমরা দু’জনে এখানে বসে আছি। রেজাল্ট যাই হোক আমরা মেনে নেবো। আরও তিন-চার ঘণ্টা লাগতে পারে রেজাল্ট পেতে।”
দর্শকদের অপেক্ষায় থাকতে বললেন মৌসুমী। তিনি বলেন, “আশা করছি সবকিছুই সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। দেখা যাক রেজাল্টটা কী হয়।“
শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৪৪৯ ভোটের মধ্যে ৩৮৬টি ভোট পড়েছে। ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই ভোট গণনা শুরু হয়েছে। গণনা শেষ হলেই আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শিল্পী সমিতির নির্বাচন কমিটি প্রধান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
এবার নির্বাচনে ১৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৭ প্রার্থী। মিশা-জায়েদ প্যানেলে বিপরীতে মৌসুমী-ডি এ তায়েব প্যানেল করার কথা থাকলেও শেষমুহূর্তে নিজের প্যানেল ভেস্তে যাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ান মৌসুমী।
তিনি ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইলিয়াস কোবরাসহ আরও ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অন্যান্য পদের মধ্যে সহসভাপতি পদে ডিপজল, রুবেল ও নানা শাহ। সহসাধারণ সম্পাদক পদে আরমান ও সাংকোপাঞ্জা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে নূর মোহাম্মদ খালেদ আহমেদ ও মামুনুন ইমন। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে জাকির হোসেন ও ডন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
১১টি কার্যকরী সদস্য পদের বিপরীতে লড়বেন ১৪ জন; অঞ্জনা সুলতানা, অরুণা বিশ্বাস, আলীরাজ, আফজাল শরীফ, আসিফ ইকবাল, আলেকজান্ডার বো, জেসমিন, জয় চৌধুরী, নাসরিন, বাপ্পারাজ, মারুফ আকিব, রোজিনা, রোঞ্জিতা ও শামীম খান (চিকন আলী)।
