২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিপজলের প্রস্তাব ফেরালেন সিয়াম

খলনায়ক মনোয়ার হোসেন ডিপজলের প্রযোজনায় নির্মাণের অপেক্ষায় থাকা চার চলচ্চিত্রের মধ্যে তিন চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব ফেরালেন চিত্রনায়ক সিয়াম আহমেদ।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2019, 06:41 PM

Updated : 08 Apr 2022, 04:38 PM

সেপ্টেম্বর থেকে ছবিগুলোর শুটিং শুরু পরিকল্পনার কথা জানিয়ে ডিপজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানালেন, চার ছবির মধ্যে তিন চলচ্চিত্রেই সিয়ামকে রাখতে চান তারা। ইতোমধ্যে তার সঙ্গে প্রাথমিক কথাও বলেছেন তারা।

তবে ডিপজলের প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কথা হলেও শিডিউল না থাকায় ছবিগুলো করতে পারছেন না বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানালেন সিয়াম। তিনি নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘পাপ-পুণ্য’ চলচ্চিত্রের শুটিংয়ে এখন চাঁদপুর আছেন।

ডিপজল জানান, ছবিগুলোর নাম এখনও নির্ধারণ করা হয়নি। ইতোমধ্যে একটির চিত্রনাট্য লেখা শেষ হয়েছে; বাকিগুলোর চিত্রনাট্যও শিগগিরই সম্পন্ন হবে। প্রযোজনার পাশাপাশি অভিনয়ও করবেন এ খলনায়ক। পরিচিত নায়কের বিপরীতে নতুন নায়িকাকে বড়পর্দায় নিয়ে আসার পরিকল্পনা আছে তার।

নতুন চলচ্চিত্র নির্মাণ শুরুর আগে ডিপজলের ‘সৌভাগ্য’, ‘এদেশ তোমার আমার’ ও ‘এক কোটি টাকা’ নামে তিনটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে।

ছোটপর্দা থেকে উঠে আসা সিয়াম এখন ব্যস্ত সময় পার করছেন চলচ্চিত্রে। ‘পাপ-পুণ্য’ ছাড়াও চয়নিকা চৌধুরীর ‘বিশ্বসুন্দরী’, এম রহিমের ‘শান’ চলচ্চিত্রে শুটিং করছেন। সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন তরুণ নির্মাতা রায়হান রাফির ‘স্বপ্নবাজি’ চলচ্চিত্রে।

তার ‘পোড়ামন ২’ ‘দহন’ ফাগুন হাওয়ায়’সহ বেশ কয়েকটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে।