‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক’ পেলেন ফরিদা পারভীন
সঙ্গীতে অবদান রাখায় এবছর ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক’ পেয়েছেন লালনগীতি শিল্পী ফরিদা পারভীন।
রোববার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক অনুষ্ঠানে উপাচার্য মো. আখতারুজ্জামান শিল্পীর হাতে এই পদক তুলে দেন।
পুরস্কার হিসেবে একটি স্বর্ণপদক ও এক লক্ষ টাকার চেক দেওয়া হয় ফরিদা পারভীনকে।
পদকপ্রাপ্তির অভিব্যক্তি প্রকাশ করে ফরিদা পারভীন বলেন, “এই পুরস্কার আমার কাছে জাতীয় পুরস্কারের চেয়ে কোনো অংশে কম নয়। এখন আমার মনে হচ্ছে, লালন সাঁইজি তার ছোঁয়ায় আমাকে আপনাদের ভালোবাসার কাছে ঋণী করে দিয়েছেন।’’
ফিরোজা বেগমের সঙ্গে সম্পর্কের স্মৃতিচারণ করে এই শিল্পী বলেন, “দিল্লিতে বেঙ্গল সম্মেলন হল, সেখানে আর কেউ নন, ফিরোজা বেগম এবং ফরিদা পারভীন একই মঞ্চে একই সঙ্গে গান করছি। এটি আমার জীবনের জন্য একটা পাথেয় আমি মনে করি।
“যখন একসঙ্গে ঢাকায় এসে ওনার সাথে প্রোগ্রাম করেছি উনি সস্নেহে আমাকে আদর করতেন এবং জড়িয়ে ধরতেন।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান বলেন, “বাংলাদেশ এবং বঙ্গভূমি যে কয়জন মানুষকে নিয়ে গর্ব অনুভব করে, যাদেরকে নিয়ে ইতিহাস এবং ঐতিহ্য খোঁজে, তাদের মধ্যে একজন নেতৃস্থানীয় শিল্পী, তিনি ফিরোজা বেগম। সেই কারণেই ফিরোজা বেগম আজ সকলের মাঝেই বিশিষ্ট স্থান দখল করে আছেন।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এসিআই ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ট্রাস্ট ফান্ডের পৃষ্ঠপোষক এম আনিস উদ দৌলা।
বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন আবু মো. দেলোয়ার হোসেন। ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারপারসন টুম্পা সমাদ্দার।
