ঈদে ইমরান-বৃষ্টির ‘বায়না’
ফের দ্বৈত গান নিয়ে আসছেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল।
ঈদ উপলক্ষে বেশকিছু গান নিয়ে আসছেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। সাউন্ডটেকের ব্যানারে আসছে এ শিল্পীর নতুন গান ‘বায়না’। কণ্ঠশিল্পী বৃষ্টির সঙ্গে তার বেশকিছু দ্বৈত গানই শ্রোতাপ্রিয়তা পেয়েছে। তারই ধারাবাহিকতায় তাকে নিয়ে নতুন গান গাইলেন ইমরান।
সম্প্রতি এ গানটিতে কন্ঠ দিয়েছেন ইমরান ও বৃষ্টি। ফয়সাল রাব্বিকীনের কথায় তার নতুন দ্বৈত গানটির সুর ও সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ।
গানটি প্রসঙ্গে ইমরান বললেন, “বেশ ভিন্ন ধরনের কথা, সুর ও সংগীতায়োজনে করা হয়েছে এ গানটি। আমার সঙ্গে বৃষ্টি গেয়েছে। আমাদের বেশ কিছু গান এর আগে শ্রোতারা পছন্দ করেছেন। আমার বিশ্বাস এ গানটিও ভালো লাগবে সবার।”
বৃষ্টি বলেন, “ইমরান ভাই ও আমি ফের একসঙ্গে গান করেছি। রাব্বিকীন ভাইয়ের লেখা এ গানটিও চমৎকার হয়েছে। আমার বিশ্বাস শ্রোতাদের ভালো লাগবে।”
ঈদ উপলক্ষে প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেকের ব্যানারে খুব শিগগিরই প্রকাশিত হতে যাচ্ছে এ গানটি।
