২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৈয়দ হাসান ইমামের ‘আকাশ আমায় ভরলো আলোয়’

অভিনেতা, আবৃত্তিকার এবং স্বৈরাচার ও সাম্প্রদায়িকতাবিরোধী আন্দোলনের অগ্রণী সংস্কৃতিককর্মী সৈয়দ হাসান ইমামের আত্মজীবনীমূলক গ্রন্থ ‘আকাশ আমায় ভরলো আলোয়’ প্রকাশিত হল।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2019, 09:31 PM

Updated : 08 Apr 2022, 04:22 PM

বইটি প্রকাশ উপলক্ষে রোববার রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।  বইটির মোড়ক উন্মোচন করেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আওয়ামী লীগ নেতা নূহ-উল-আলম লেনিন। সৈয়দ হাসান ইমামের সঙ্গে তার স্ত্রী লায়লা হাসানও ছিলেন।

আরও উপস্থিত ছিলেন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, গোলাম কুদ্দুছ, পাঞ্জেরী পাবলিকেশন্স’র চেয়ারম্যান কামরুল হাসান শায়ক, মাহমুদ সেলিম, রতন সিদ্দিকীসহ অনেকে।

নিজের কর্মময় জীবনের প্রতিটি অধ্যায় বইটিতে তুলে এনেছেন সৈয়দ হাসান ইমাম। সে সূত্রেই উঠে এসেছে তার সময়ের রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সময়চিত্রও।

বইটিতে উঠে এসেছে অবিভক্ত ভারতবর্ষের রাজনীতি, দেশভাগ, একষট্টির প্রতিবাদী রবীন্দ্রজন্মশতবর্ষ, চৌষট্টির সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলন, উনসত্তরের গণ-আন্দোলন, সত্তরের ত্রাণকার্য এবং সাধারণ নির্বাচন, মুক্তিযুদ্ধ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রতিষ্ঠা, জহির রায়হানের ‘স্টপ জেনোসাইড’ নির্মাণের বর্ণনা।

নিজের স্মৃতি ও অভিজ্ঞতার ভেতর থেকে তিনি তুলে ধরেছেন চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, জহির রায়হান, আলমগীর কবীরসহ আরও অনেক নির্মাতার সৃষ্টি ও তার মূল্যায়নধর্মী আলোচনা। 

৩৪০ পৃষ্ঠার বইতে আরও রয়েছে শিল্পী সংস্থার কার্যক্রম, স্বাধীন বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলন, শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা, পনেরই আগস্টের নির্মমতা, মুক্তিযুদ্ধের আগে ও পরে চলচ্চিত্রের নানা অজানা অধ্যায়। গ্রন্থটিতে বেশকিছু দুষ্প্রাপ্য আলোকচিত্রও জুড়ে দিয়েছেন তিনি।

ধ্রুব এষের প্রচ্ছদে ‘আকাশ আমায় ভরলো আলোয়’ বইটি প্রকাশ করেছে পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড।

অনুষ্ঠানে প্রদর্শিত হয় সৈয়দ হাসান ইমামকে নিয়ে একটি বিশেষ প্রামাণ্যচিত্র। ‘বিনম্র মানুষ বিক্ষুব্ধ শিল্পী’ শিরোনামের ৭১ মিনিটের প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছেন তার মেয়ে সঙ্গীতা ইমাম।

১৯৩৫ সালের ২৯ জুলাই জন্মগ্রহণ করেন সৈয়দ হাসান ইমাম। ব্যক্তিজীবনে দেশের অন্যতম কোরিওগ্রাফার, নৃত্যশিল্পী এবং অভিনেত্রী লায়লা হাসানের জীবনসঙ্গী তিনি। জনপ্রিয় এ যুগলের বিয়ে বার্ষিকীর দিনেই প্রকাশিত হয়েছে এ আত্মজৈবনিক গ্রন্থ। অনুষ্ঠানে উপস্থিত সকলের শুভেচ্ছায় তাদের এ বিশেষ দিনটিও উদযাপিত হয়।