আরও ৩ চলচ্চিত্র উৎসবে ‘যুদ্ধটা ছিল স্বাধীনতার’
ইতালি, ভারত ও ইংল্যান্ডের ৩টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে অংশ নিচ্ছে জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক আশরাফ শিশিরের মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘যুদ্ধটা ছিল স্বাধীনতার’।
আগামী ২৯ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত ইতালির ‘১৭তম ইস্কিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’, ২১ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত লন্ডনের ‘২০তম রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ ও ২৬ অগাস্ট থেকে ২৮ অগাস্ট পর্যন্ত ভারতের কাশ্মিরের ‘৩য় ওয়ালুর লেক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে’ প্রদর্শিত হবে চলচ্চিত্রটি।
পরিচালক আশরাফ শিশির বলেন, “ আমাদের গর্ব করার মত ইতিহাস হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ। আমাদের মুক্তিযুদ্ধের সেই ইতিহাস বিভিন্ন দেশের মানুষ এই চলচ্চিত্রের মাধ্যমে কিছুটা হলেও জানতে পারবে, এ জন্যে আমরা আনন্দিত। “
‘যুদ্ধটা ছিল স্বাধীনতার’ ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কলম্বিয়া, ইরান, রাশিয়া, যুক্তরাজ্য, ইতালি, নাইজেরিয়া এবং ভারত এর ১৫টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে।
এ বছরে ফ্রান্সের ৭২তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শর্ট ফিল্ম কর্ণারে অন্তর্ভূক্ত হয় ছবিটি।
চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন অরণ্য রানা, ইমরান, সোমা, বন্যা, সজীব, মানিক, শুভ, পান্না, দিপ, রাব্বি, সাচ্চু, অলোক, আল-আমিন, হাসান, রইচসহ আরও অনেকে।
চলচ্চিত্রটির সংগীত পরিচালনা করেছেন রাফায়েত নেওয়াজ এবং চিত্রগ্রহণ করেছেন নাহিদ বাবু ও সম্পাদনা করেছেন সাব্বির মাহমুদ। চলচ্চিত্রটি প্রযোজনা করেছে ডিজিসুগার।
