ঘ্রাণ নিয়ে ‘অতীত বর্তমান ভবিষ্যৎ’ বলবেন জোভান
মানুষের ঘ্রাণ নিয়ে তার অতীত-বর্তমান ও ভবিষ্যৎ বলে দেন- এ রকম অদ্ভুত এক চরিত্র নিয়ে তৈরি হয়েছে ঈদ নাটক ‘ঘ্রাণুষ’।
জনপ্রিয় অভিনেতা জোভানকে দেখা যাবে ওই চরিত্রে। রণক ইকরামের রচনা ও এস আর মজুমদারের পরিচালনায় নাটকটির মূল ভূমিকায় জোভানের সঙ্গী হয়েছেন সাফা কবির।
নাটকে জোভানকে দেখা যাবে সারাক্ষণই মানুষের ঘ্রাণ নিচ্ছেন তিনি। আর মানুষের ঘ্রাণ শুঁকে তার অতীত-বর্তমান ও ভবিষ্যৎ বলে দিচ্ছেন। ঘটনাচক্রে তার সঙ্গে পরিচয় হয় সাফা কবিরের। এগিয়ে যায় নাটকের গল্প।
নাটক প্রসঙ্গে জোভান বলেন, “এই ঈদে আমি চেষ্টা করেছি বেশ কিছু ভিন্নধর্মী গল্পে কাজ করার। ঘ্রাণুষ এ রকমই একটি গল্প। গতানুগতিক প্রেম ভালোবাসার বাইরের একটি গল্পে কাজ করে ভালো লেগেছে।”
জোভান-সাফা ছাড়াও এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কাজী উজ্জ্বল, মিষ্টি জোহা, রিসার্ত ও অন্যান্যরা। ফ্যাক্টর থ্রি সল্যুশনের পরিবেশনা ও সাউন্ডটেক এর প্রযোজনায় নাটকটি এই ঈদে নাগরিক টেলিভিশনে প্রচারিত হবে।
