২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সমালোচনায় পড়ে ঐশ্বরিয়ার মিম মুছতে হল বিবেককে

ভোটের ডামাডোলে পুরনো প্রেমিকা ঐশ্বরিয়া রাইকে নিয়ে একটি ‘মিম’ দিয়েছিলেন বিবেক ওবেরয়; বলেছিলেন, এটা স্রেফ রসিকতা; কিন্তু তাতেও কাজ হয়নি; তীব্র সমালোচনার মুখে ওই মেমেটি টুইটার থেকে মুছে দিতে হল তাকে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2019, 09:12 PM

Updated : 18 Aug 2022, 05:18 PM

বায়োপিক ‘পিএম নরেন্দ্র মোদী’তে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকায় অভিনয় করে বেশ চাঙা এখন বিবেক।

এর মধ্যে গত রোববার দেশের জাতীয় নির্বাচনে ভোটগ্রহণের পর যখন ‘এক্সিট পোল’ বা বুথফেরত জরিপে মোদীর জয়ের আভাস দেওয়া হচ্ছিল, তখনই ঐশ্বরিয়াকে নিয়ে একটি মেমে নিজের টুইটার একাউন্টে শেয়ার দেন বিবেক।

ঐশ্বরিয়ার জন্য বিবেকের পাগল হওয়ার ঘটনাটি বলিউড জগতে সবারই জানা। তবে সাবেক বিশ্বসুন্দরীর মালা পেয়েছেন অমিতাভপুত্র অভিষেক বচ্চন। আর বিবেকও কর্ণাটকের এক মন্ত্রীর মেয়ে প্রিয়াঙ্কাকে বিয়ে করে এখন এক ছেলে ও এক মেয়ের জনক।

 

এই সময়ে এসে বিবেক যে মেমে শেয়ার করেন, তাতে ঐশ্বরিয়ার সাবেক আরেক প্রেমিক বলিউড তারকা সালমান খানকেও জড়িয়ে ফেলেন।

ওই মেমেতে ঐশ্বরিয়ার সঙ্গে সালমান, বিবেক ও অভিষেক বচ্চনের তিনটি ছবি ছিল; সালমানের সঙ্গে ছবিটিতে লেথা ছিল- ‘ওপিনিয়ন পোল’, বিবেকের সঙ্গের ছবিটিতে লেখা ছিল ‘এক্সিট পোল’, আর অভিষেকের সঙ্গে ছবিতে লেখা ছিল ‘রেজাল্ট’। মেমেটি শেয়ার করে বিবেক লিখেছিলেন, এখানে কোনো রাজনীতি নেই।

কিন্তু এর পরপরই সোশাল মিডিয়ায় সমালোচনায় পড়েন বিবেক। নেটিজানদের অনেকে বিবেকের বিরুদ্ধে পদক্ষেপ নিতে অভিষেকের প্রতি আহ্বান জানান। তবে অভিষেক কিংবা কান চলচ্চিত্র উৎসবে থাকা ঐশ্বরিয়া কোনো প্রতিক্রিয়া জানাননি।

Image
কান চলচ্চিত্র উৎসবে রেড কার্পেটে ঐশ্বরিয়া রায়। ছবি: রয়টার্স

কান চলচ্চিত্র উৎসবে রেড কার্পেটে ঐশ্বরিয়া রায়। ছবি: রয়টার্স

এর মধ্যে নারী হিসেবে ঐশ্বরিয়াকে অবমাননা করায় ভারতের ন্যাশনাল কমিশন ফর উইমেন নোটিস পাঠায় বিবেককে।

শুরুতে বিবেক বলেছিলেন, তিনি অন্যায় কিছু করেননি, তাই ক্ষমাও চাইবেন না।

কিন্তু ব্যাপক সমালোচনার মুখে মঙ্গলবার ওই টুইটটি মুছে দেন বিবেক। সেই সঙ্গে ক্ষমাও চান।

তবে এই ঘটনায় জড়িয়ে পড়লেও পুরোটা সময় নীরবই ছিলেন সালমান খান।