অন্তরা-শীতল-সুনন্দা-মৌমিতারা গড়বেন অল-গার্ল মিউজিক ব্যান্ড
অন্তরা রহমান, মুস্তারিন আহমেদ শীতল, সুনন্দা শারমিন এবং ফেরদৌসি মৌমিতাদের নিয়ে তৈরি হচ্ছে অল-গার্ল প্রফেশনাল মিউজিক ব্যান্ড।
বেসরকারি চ্যানেল দীপ্ত টিভির রিয়ালিটি শো ‘সানসিল্ক ডিভাসে’ প্রতিভার বিচারে হাজারো প্রতিযোগীকে পেছনে ফেলে চার নারী তাদের সঙ্গীত প্রতিভায় শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন। গত ১১ই জানুয়ারি থেকে প্রতি শুক্রবার দীপ্ত টিভিতে এই রিয়ালিটি শোটি প্রচার হচ্ছিল।
গত ৩ এপ্রিল এর ফাইনাল রাউন্ড শেষে চার শিল্পীর নাম ঘোষণা করেন আয়োজকরা। সানসিল্ক ডিভাসের যৌথ আয়োজক হিসেবে ছিল সানসিল্ক এবং ক্রেইন্স।
এই প্রতিযোগিতায় বিচারক ছিলেন সঙ্গীতশিল্পী আলিফ আলাউদ্দিন, হৃদয় খান, নেমেসিস ব্যান্ডের জোহাদ রেজা চৌধুরী এবং চিরকুট ব্যান্ডের ভোকাল শারমিন সুলতানা সুমি।
সানসিল্ক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, হাজারো প্রতিযোগীর মধ্যে চার বিচারকের নাম্বারের ভিত্তিতে ফাইনালে উঠে আসেন সাত প্রতিযোগী।পরে ফাইনালে নিজেদের সেরা প্রমাণ করে অন্তরা রহমান, মুস্তারিন আহমেদ শীতল, সুনন্দা শারমিন এবং ফেরদৌসি মৌমিতা।
অল গার্ল ব্যান্ড শীঘ্রই সনি ডিএডিসির সঙ্গে দুটি অ্যালবামের জন্য চুক্তিবদ্ধ হয়েছে; অ্যালবামটি আন্তর্জাতিকভাবে প্রচারিত হবে বলে জানিয়েছে সানসিল্ক। পরে চার নারী গাইবেন বলিউডের একটি সিনেমাতেও।
‘সানসিল্ক ডিভাসে’র ফাইনাল রাউন্ডে বিজয়ীরা প্রাইজমানির পাশাপাশি পেয়েছেন হোন্ডার নিউ ডিও স্কুটার। প্রতিযোগিতার প্রথম ২০ জনকে দেওয়া হয় নোকিয়া হ্যান্ডসেট। অনুষ্ঠানের শেষ অংশে চার বিজয়ীর ব্যান্ড আর্টসেলের সঙ্গে পারফর্ম করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের মার্কেটিং ডিরেক্টর নাফিস আনোয়ার, সনি ডিএডিসির ডিরেক্টর এবং হেড অব ইন্ডিয়া জোজি ম্যামেন, হোন্ডা গ্রুপের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোহাম্মদ আশেকুর রহমান এবং ক্রেইন্সের ম্যানেজিং ডিরেক্টর রাবেত খান।
