বিজ্ঞাপনচিত্রে ‘শিশুদের জন্য আমরা’
রাজধানীর আদাবরে যৌনকর্মীদের সন্তানদের দেখভালের জন্য ‘শিশুদের জন্য আমরা’ নামে একটি অনাথ আশ্রম পরিচালনা করেন হাজেরা বেগম; আশ্রমটি নিয়ে এবার বিজ্ঞাপনচিত্র নির্মিত হয়েছে।
মা দিবসকে সামনে রেখে, তার এই মহৎ উদ্যোগকে কেন্দ্র করে নির্মিত বিজ্ঞাপনে হাজেরা বেগমের সাথে সেই অনাথ শিশুদের প্রতিদিনের হাসি কান্না, মান অভিমান তুলে আনা হয়েছে।
বিজ্ঞাপনের নির্মাতা তন্ময় ক্রুজ বলেন, “হাজেরা বেগম এই শিশুদের পরম মমতায় মায়ের মত আগলে রেখেছেন। তার এই ৪০ জন সন্তানের হাসিখুশি মা হয়ে ওঠার এই গল্পটি আশা জাগায়, অনুপ্রেরণা দেয়।”
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশের একটি টেলিকম কোম্পানির প্রযোজনায় বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন গল্প কমিউনিকেশন্স। মা দিবসে ভিডিও কমার্শিয়ালটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হবে।
