চলচ্চিত্র দিবসের অনুষ্ঠান বয়কটের ‘সিদ্ধান্ত’ শাকিবের
আগামী ৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ না দেওয়ার ‘সিদ্ধান্ত নিয়েছেন’ এই সময়ের সবচেয়ে জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান।
শাকিবের বরাত দিয়ে তার ব্যবসায়িক সহযোগী ও প্রযোজক ইকবাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগের আয়োজনগুলোতে যথাযথ মুল্যায়ন না পাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছেন এ তারকা অভিনেতা।
“শাকিব খান স্পষ্ট বলেছেন, চলচ্চিত্র দিবস তিনি বয়কট করেছেন।”
গত বছর আয়োজিত চলচ্চিত্র দিবসের আয়োজনেও দেখা যায়নি শাকিব খানকে। চলতি বছরের শুরুতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আয়োজনে গাজীপুরের মেঘবাড়ি রিসোর্টে আয়োজিত পিকনিকেও যোগ দেননি তিনি।
ইকবাল বলেন, “আয়োজকরা মানুষকে মুল্যায়ন করতে পারেননি। শাকিব যতদিন ইন্ডাস্ট্রিকে ধরে রেখেছে, এটা আর কেউ পারবেন? রাত-দিন ২৪ ঘণ্টা কাজ করেও তার মূল্যায়ন নেই।
“আমরা রানিং ছবির কাজ করি। আর যারা ১০ বছরেও ছবি বানায় না, তারা এফডিসিতে এখন নেতাগিরি করে।”
এ প্রযোজকের অভিযোগ, প্রায় ৩০০ চলচ্চিত্রের অভিনেতা হলেও চলচ্চিত্র দিবসে শাকিবের কোনো পোস্টার রাখা হয় না। অথচ পোস্টার থাকে জায়েদ খানের।
“জায়েদ খানের পোস্টার আছে দেখে শাকিবের সঙ্গে আমিও চলচ্চিত্র দিবস বয়কট করেছি।”
শাকিব-ইকবাল ছাড়া চিত্রনায়িকা শবনম বুবলিও এ আয়োজনে থাকছেন না বলে জানা গেছে।
চলচ্চিত্র দিবসের অন্যতম আয়োজক প্রতিষ্ঠান বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওনাকে আমরা আমন্ত্রণপত্র পাঠাবো। উনিও তো চলচ্চিত্র দিবস উদযাপন কমিটির অন্যতম সদস্য। থাকবেন না কেন, বুঝতে পারছি না।”
