ধর্মঘটের ডাক দেওয়া হল মালিকদের আলোচনায় ডাকলেন আলমগীর
সারা দেশে অনির্দিষ্টকালের জন্য প্রেক্ষাগৃহ বন্ধের হুমকি দেওয়া হল মালিকদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন চিত্রনায়ক আলমগীর।
আগামী ৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবসের কর্মসূচি নিয়ে সোমবার এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি। চলচ্চিত্র দিব্স উদযাপন কমিটির আহ্বায়ক প্রখ্যাত অভিনেতা হাসান ইমামও তাদের আলোচনায় আহ্বান জানিয়ে চলচ্চিত্র নিয়ে নতুন উদ্যোমে কাজ শুরু করার ঘোষণা দিয়েছেন।
বিদেশি ছবি আমদানির নীতিমালা শিথিল করার পাশাপাশি দেশীয় চলচ্চিত্র নির্মাণ বাড়ানোর উদ্যোগ না নিলে ১২ এপ্রিল থেকে দেশের সব প্রেক্ষাগৃহ অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দিয়েছে হল মালিকদের সংগঠন চলচ্চিত্র প্রদর্শক সমিতি।
১৩ মার্চের ওই ঘোষণায় হল মালিকরা অটল আছেন বলে চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ জানিয়েছেন।
এই প্রেক্ষাপটে দুপুরে বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনের ভিআইপি প্রজেকশন হলে ওই সংবাদ সম্মেলনে চিত্রনায়ক আলমগীর বলেন, “পত্রিকায় দেখলাম ১২ এপ্রিল থেকে হল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মালিকরা। ওনারাও তো চলচ্চিত্রের মানুষ। সবাই মিলে বসে সিদ্ধান্ত নিতে পারতাম। আসুন আমরা বসে দেখি, একটা ব্যবস্থা তো হতে পারে।”
চলচ্চিত্র দিব্স সামনে রেখে চলচ্চিত্রের সমস্যাগুলো দূর হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আর হল মালিকদের আশ্বাস দিয়ে হাসান ইমাম বলেন, “চলচ্চিত্রের মন্দাভাব কাটিয়ে আগামী বছর থেকে নতুনভাবে কাজ শুরু করতে যাচ্ছি। আগামী বছর বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপনের মধ্য দিয়ে চলচ্চিত্রে নতুন উদ্দীপনা নিয়ে কাজ শুরু করব।”
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি ) ও জাতীয় চলচ্চিত্র উদযাপন কমিটির যৌথ উদ্যোগে চলচ্চিত্র দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৯টায় এফডিসিতে জাতীয় পতাকা উত্তোলন করবেন সৈয়দ হাসান ইমাম। পরে আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। বিশেষ অতিথি থাকবেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য আকবর হোসেন পাঠান (ফারুক) ও তথ্য মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেক। স্বাগত ভাষণ দেবেন এফডিসির ভারপ্রাপ্ত মহাপরিচালক ও জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন কমিটির সদস্য সচিব লক্ষ্মণ চন্দ্র দেবনাথ।
বেলা ১১টায় থাকছে শোভাযাত্রা। এদিন অন্যান্য কর্মসূচির মধ্যে থাকছে রেড কার্পেট সংবর্ধনা, মেলা উদ্বোধন, স্থিরচিত্র প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনী, চলচ্চিত্র বিষয়ে আলোচনা ও সেমিনার।
পরদিন বিকেল ৫টায় জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে হবে সাংস্কৃতিক উৎসব। সন্ধ্যায় থাকবে লেজার শো ও আতশবাজি।
