২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলাউদ্দিন আলীর জ্ঞান ফেরার অপেক্ষায় পরিবার

টানা ১৫ দিন হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে শায়িত সুরকার আলাউদ্দিন আলী।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2019, 04:51 PM

Updated : 08 Apr 2022, 03:48 PM

আশার আলো জ্বেলে মাঝে মাঝে চোখ খুললেও তাকে জ্ঞান ফেরা বলা চলে না; চিনতে পারছেন না কাউকেই।

বাবার জ্ঞান ফিরবে, এই অপেক্ষায় আছেন মেয়ে আলিফ আলাউদ্দিন, যিনি নিজেও একজন সঙ্গীতশিল্পী।

ঢাকার মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন আলাউদ্দিন আলী। সার্বিক পরিস্থিতিতে তার শারীরিক অবস্থাকে এখনও ইতিবাচক বলতে পারছেন না চিকিৎসকরা।

আলিফ মঙ্গলবার গ্লিটজকে বলেন, “আমরা অপেক্ষা করছি। চোখ খুলছেন মাঝে মাঝে, কিন্তু ওইভাবে কারও সাথে রেসপন্স করেন না। এটাকে জ্ঞান ফেরা বলা যায় না।

“ডাক্তাররা বলছেন, কার্ডিয়াক অ্যারেস্ট হওয়াতে জ্ঞান ফিরতে সময় লাগতে পারে। সব মিলে এখনও ডিফিকাল্ট সিচুয়েশান।”

আলিফ জানান, সোমবার একবার ভেন্টিলেশন খোলার পর তার বাবার অবস্থা খারাপের দিকে যাচ্ছিল। রক্তচাপ কমে যাচ্ছিল।

“মেডিসিন দেওয়ার পর আজকে কিছুটা স্থিতিশীল আছে। তবে ভেন্টিলেশন খুললেই হার্টবিট বেড়ে যাচ্ছে। এ জন্য একেবারে খুলে দিতে পারছেন না ডাক্তাররা। উনারা রিস্ক নিচ্ছেন না।”

গত ২২ জানুয়ারি এই হাসপাতালে ভর্তি করা হয় আলাউদ্দিন আলীকে। বক্ষ্যব্যাধি বিশেষজ্ঞ ডা. দেলোয়ার হোসেন ও জাকির হোসেন সরকারের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে তার। মাঝে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টেও নেওয়া হয়েছিল।

আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সংগীত পরিচালক আলাউদ্দিন আলীর জন্ম ১৯৫২ সালের ২৪ ডিসেম্বর মুন্সীগঞ্জে। প্রায় তিন শতাধিক চলচ্চিত্রের গানে সুর দিয়েছেন তিনি।