২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের দুই উৎসবে ‘ইতি, তোমারই ঢাকা’

দেশে মুক্তির আগেই আন্তর্জাতিক পরিমণ্ডলে যাত্রা করেছে দেশের প্রথম অমনিবাস চলচ্চিত্র ‘ইতি, তোমারই ঢাকা’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2019, 07:36 PM

Updated : 08 Apr 2022, 03:47 PM

সম্প্রতি ১১তম জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্যের পুরস্কার জয়ের পর এবার ভারতের দুই উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে ‘ইতি, তোমারই ঢাকা’। খবরটি গ্লিটজকে নিশ্চিত করেছেন চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস লিমিটেডের কনসালটেন্ট (ফিল্ম) ও ‘ইতি, তোমারই ঢাকা’ চলচ্চিত্রের ক্রিয়েটিভ প্রডিউসার আবু শাহেদ ইমন।

তিনি জানান, আগামী ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া দু’দিনব্যাপী ‘ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভাল অব চেন্নাই’এ প্রতিযোগিতায় লড়বে ‘ইতি, তোমারই ঢাকা’। এতে দেশি-বিদেশি চলচ্চিত্র মিলিয়ে অন্তত ৩০টি চলচ্চিত্র দেখানো হবে বলে জানিয়েছে উৎসব কর্তৃপক্ষ। যেখানে প্রতিযোগিতা বিভাগে দেখানো হবে ১১ নির্মাতার আলোচিত ছবি ‘ইতি, তোমারই ঢাকা’।

সেই সঙ্গে আবু শাহেদ ইমন জানিয়েছেন, শুধু চেন্নাইয়ে নয়, ভারতের আরো একটি চলচ্চিত্র উৎসবে ফেব্রুয়ারি মাসে দেখানো হবে ‘ইতি, তোমারই ঢাকা’। তিনি বলেন, “৯ম কোলহাপুর আন্তর্জাতিক চলচ্চিত্রউৎসবে দেখানো হবে ছবিটি”।

১১ নির্মাতার ১১ গল্পে ঢাকার মানুষের জীবন যাপন, তাদের সংগ্রাম ও বেঁচে থাকার নিরন্তর যুদ্ধ এবং সেই সাথে ঢাকার নিজস্ব এক সংস্কৃতি এক সুতোয় ফুটে উঠে ‘ইতি, তোমারই ঢাকা’ চলচ্চিত্রটিতে। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় নির্মিত এই চলচ্চিত্রটিতে যে ১১ জন নির্মাণ করেছেন ছবিটি তারা হলেন গোলাম কিবরিয়া ফারুকী, মাহমুদুল ইসলাম, মীর মোকাররম হোসেন, রাহাত রহমান, রবিউল আলম রবি,সৈয়দ সালেহ আহমেদ সোবহান, সৈয়দ আহমেদ শাওকী, তানিম নূর, তানভীর, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় ও নুহাশ হুমায়ূন।

এর আগে গত ডিসেম্বরে ইন্দোনেশিয়ার জগজা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, আওরাংবাদ ও ভারতের মুম্বাই থার্ড আই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয় ‘ইতি, তোমারই ঢাকা’।

তার আগে গেল অক্টোবরে এশিয়ার সবচেয়ে বড় ও সম্মানজনক চলচ্চিত্র উৎসব ‘বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ২৩ তম আসরে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় বাংলাদেশের প্রথম এই অমনিবাস চলচ্চিত্রটি। উৎসবে দেশ-বিদেশের চলচ্চিত্রপ্রেমী ও বোদ্ধামহলে প্রশংসা অর্জন করে চলচ্চিত্রটি।