৬ মাসে চলচ্চিত্রের অবস্থা ভালো করব: গুলজার
গ্লিটজের মুখোমুখি হলেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নবনির্বাচিত সভাপতি মুশফিকুর রহমান গুলজার; সাক্ষাৎকারে জানালেন, আগামী দুই বছরে সমিতির কর্মপরিকল্পনা, যৌথ প্রযোজনার চলচ্চিত্র নিয়ে ভাবনা, চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সার্বিক পরিস্থিতি ও এফডিসির কর্তাব্যক্তিদের সঙ্গে নির্মাতা-অভিনয়শিল্পী-কলাকুশলীদের ‘ঠাণ্ডাযুদ্ধ’র সবশেষ হালহাকিকত।
গ্লিটজ: আগামী দুই বছরে চলচ্চিত্র পরিচালক সমিতির কর্মপরিকল্পনা কী?
মুশফিকুর রহমান গুলজার: গত মেয়াদে যে কাজগুলো শুরু করেছিলাম কিন্তু শেষ হয়নি সেই কাজগুলোই আগে শেষ করব। এর মধ্যে আছে, সিনেমা হলগুলোতে প্রজেক্টর মেশিন বসানো ও সেটি পরিচালনার জন্য এফডিসিতে কেন্দ্রীয় সার্ভার বসানো। কাজগুলো ইতোমধ্যে অনেক দূর এগিয়ে আছে।
সরকার টাকা বরাদ্দ দিয়ে রেখেছে; আমাদের কমিটি ৬৫টি হল নির্বাচনও করে রেখেছে। এফডিসিতে সেন্ট্রাল সার্ভার বসানোর যোগাড়যন্ত্রও হয়ে গেছে। এখন টেন্ডারের মধ্যমে শুধু মেশিনগুলো কেনা বাকি আছে। এগুলো হয়ে গেলে প্রযোজকদের আর কাউকে মেশিন ভাড়া দিতে হবে না; তাদের অনেক টাকা বাঁচবে।
ছবি: ফেইসবুক থেকে নেওয়া।
এছাড়া সরকারি ব্যবস্থাপনায় ৬৪টি জেলায় ১টি করে কালচারাল সেন্টার নির্মাণ করা হবে; তাতে দু’টি করে সিনেমা হল থাকবে। প্রকল্পটি একনেকে পাস হয়েছে; আগামী বাজেটে অর্থ বরাদ্দ করা হবে। অর্থ বরাদ্দ হলে কমপ্লেক্সগুলো দ্রুত নির্মাণ সম্পন্ন হবে বলে আশাকরি। কাজগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের উচ্চমহলে পরিচালক সমিতি থেকে দাবি জানাবো।
গ্লিটজ: অভিযোগ আছে, দেশের বেশিরভাগ প্রেক্ষাগৃহ নিয়ন্ত্রণ করছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। এটি আপনাদের কাজে কোনো বাধা তৈরি করবে বলে মনে করেন?
মুশফিকুর রহমান গুলজার: যাদের সঙ্গে ওদের (জাজ মাল্টিমিডিয়া) চুক্তি নেই কিংবা চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে তাদের সঙ্গে কাজ করব আমরা। এই দায়িত্বটা সিনেমার মালিকদের। তারা যদি ওদিকটা ক্লিয়ার করে আসতে পারে তাহলেই তাদের সরকারি প্রজেক্টর দেওয়া হবে; ক্লিয়ার না করলে পাবে না। ঝুট-ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নেই।
গ্লিটজ: দীর্ঘদিন ধরে চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন আপনি; এখন চলচ্চিত্রের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন?
গ্লিটজ: গত মেয়াদে যৌথ প্রযোজনার চলচ্চিত্র নিয়ে আপনারা সোচ্চার ছিলেন; আগামী দুই বছরে যৌথ প্রযোজনা নিয়ে চলচ্চিত্র পরিচালক সমিতির কর্মকৌশল কেমন হবে?
মুশফিকুর রহমান গুলজার: যৌথ প্রযোজনার নীতিমালা অনুসরণ করে এখন পর্যন্ত তিন-চারটা ছবির অনুমতি নিয়ে গেছে। যৌথ প্রযোজনার নামে যারা ‘প্রতারণা’ করেন তাদের জন্য আইনটা কঠিন হয়ে গেছে। কিন্তু সৎভাবে কাজ করতে চাইলে আইনটি খুব সহজ। যারা চুরি করে ছবি দেশে আনতে চায় কিংবা নামকাওয়াস্তে বাংলাদেশের শিল্পী রেখে যৌথ প্রযোজনা নামে চলাতে চায় তাদের জন্য নীতিমালাটা সমস্যা হয়ে গেছে।
গ্লিটজ: বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) এমডির সঙ্গে নির্মাতা-অভিনয়শিল্পী-কলাকুশলীদের ‘ঠাণ্ডাযুদ্ধ’ প্রকাশ্যে এসেছে একাধিকার; পুরানো সেই দূরত্ব নিরসনে নতুন মেয়াদে কোনো পদক্ষেপ নিচ্ছেন?
মুশফিকুর রহমান গুলজার: এটা একটা সময় ছিল; কিন্তু সেটা এমডির কারণে না। আরো উপরের কিছু কারণে এমনটা হয়েছিল। সে অবস্থার অবসান হয়েছে, নতুন মন্ত্রী এসেছেন, প্রশাসনে নতুন সচিব এসেছেন। এমডি সাহেবও এখন অনেক লিবারেল; উনি এখন কোনো কিছু করলে সবার মতামত নিয়েই করে।
