কবি ও কবিভক্তের লড়াই ‘অনুদ্ধারণীয়’
নাট্যদল থিয়েটার আর্ট ইউনিট মঞ্চে নিয়ে এসেছে নতুন নাটক ‘অনুদ্ধারণীয়’।
বুদ্ধদেব বসুর ছোটগল্প অবলম্বনে ‘অনুদ্ধারণীয়’-এর নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ বারী।
শুক্রবার সন্ধ্যায় নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে। এটি থিয়েটার আর্ট ইউনিটের ৩২তম প্রযোজনা।
সংগঠনটি জানায়, গত ৭ থেকে ৯ জানুয়ারি মহিলা সমিতির মঞ্চে নাটকটির কারিগরি মহড়া হয়।
দুটি চরিত্র- কবি ও কবিভক্ত অমিতের চূড়ান্ত দ্বন্দ্বের মধ্য দিয়ে এগিয়ে যায় নাটকের কাহিনী। বাস্তবতার দৃষ্টিকোণ থেকে অন্তঃসারহীন ভাববাদিতার অভিযোগে কবি অভিযুক্ত হন, এমনকি খ্যাতির চূড়ায় প্রতিষ্ঠিত কবির বন্ধ্যা সৃজনশীলতার অভিযোগও কবিভক্ত অমিতের। স্খলিত কবির প্রকৃত সৃজনকে ভাবীকালে উত্তীর্ণ করার দায় নিয়ে অমিত কবিকে ধরে নিয়ে যায় তার ডেরায়। মুখোমুখি হয় দুজন।
নাটকে অভিনয় করেছেন- মোহাম্মদ বারী (কবি), মেহমুদ সিদ্দিকী লেনিন/ মাজিদুল মিঠু (অমিত), মাহফুজ সুমন (ছায়া-১), নুরুজ্জামান বাবু (ছায়া- ২), সরকার জামান/ আকাশ মোদক (ছায়া-৩), এস আর সম্পদ (ছায়া- ৬), ফৌজিয়া করিম/ অপ্সরা মৌ (কবিস্বত্ত্বা), মোহাম্মদ রাকিব, সুমন আকন্দ, আশিক (কোরাস)।
নাটকটির প্রযোজনা অধিকর্তা রোকেয়া রফিক বেবী।
