২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু বৃহস্পতিবার

রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে ৭২ দেশের ২১৮টি চলচ্চিত্র নিয়ে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে নয়দিন ব্যাপী ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2019, 06:11 PM

Updated : 08 Apr 2022, 03:41 PM

বুধবার দুপুর ১২টায় রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ১০টায় প্রদর্শনীটির উদ্বোধন করবেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সভাপতিত্ব করবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেক।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল, উৎসবের জুরি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, উৎসব কমিটির কার্যনির্বাহী সদস্য ম. হামিদ, উৎসব প্রোগ্রামার জোহরে জামালি ও ইয়াসিম গুজেলপিনার।

এবার এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানারোমা, সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড, চিলড্রেনস ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট অ্যান্ড ইন্ডিপেনডেন্ট ফিল্ম ও উইমেন্স ফিল্ম বিভাগে ৭২টি দেশের ২১৮টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এর মধ্যে পূর্ণদৈর্ঘ্য (৭০ মিনিটের বেশি) ১২২টি  চলচ্চিত্র ও স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন ৯৬টি চলচ্চিত্র রয়েছে।

উদ্বোধনী দিন প্রদর্শিত হবে তুরস্ক-জর্ডানের যৌথ প্রযোজনায় নির্মিত ‘দ্য গেস্ট’; চলচ্চিত্রটি পরিচালনা করেছেন তুরস্কের নির্মাতা আন্দাজ হাজানেদারগলু।

এদিন জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তন, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তন, অঁলিয়াস ফ্রঁয়েজ মিলনায়তন ও যমুনা ব্লকবাস্টার সিনেমায় বিভিন্ন চলচ্চিত্র প্রদর্শিত হবে।

উৎসবে সহযোগিতা করছে তাদের মধ্যে অন্যতম অর্থ মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয় এবং ঢাকাস্থ ভারতীয় দূতাবাস।