‘দ্য বেস্ট আইকন ইন আওয়ার ফিল্ম ইন্ডাস্ট্রি’
এফডিসিতে শোক-শ্রদ্ধায় নির্মাতা আমজাদ হোসেনকে বিদায় জানালো চলচ্চিত্র অঙ্গনের মানুষেরা।
সদ্য প্রয়াত নির্মাতা আমজাদ হোসেনের পরিচালনায় ‘নয়নমনি’ চলচ্চিত্রে অভিনয় করে ক্যারিয়ারের শুরুতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন চিত্রনায়িকা ববিতা। এ পরিচালকের ‘গোলাপি এখন ট্রেনে’ এবং ‘গোলাপি এখন ঢাকায়’ চলচ্চিত্রে অভিনয় করেও দেশে-বিদেশে প্রশংসিত ও আলোচিত হয়েছেন এ অভিনেত্রী।
শনিবার সকালে শহীদ মিনারে শ্রদ্ধানিবেদন শেষে দুপুর সোয়া একটায় এফডিসিতে আনা হয় আমজাদ হোসেনের মরদেহ। এ সময় তার প্রতি শেষবারের মতো শ্রদ্ধা জানাতে এসে ববিতা বললেন, “আমজাদ হোসেন ইজ দ্য বেস্ট আইকন ইন আওয়ার ফিল্ম ইন্ডাস্ট্রি। নির্মাতা হিসেবে তিনি যেমন দুর্দান্ত ছিলেন, মানুষ হিসেবেও ছিলেন অমায়িক। তার ছবিগুলো হল থেকে সহজে নামতো না। তার ছবি ‘গোলাপী এখন ট্রেনে’র মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সম্মাননা পেয়েছি। দেশের বাইরে থেকে আমজাদ ভাইয়ের নির্মাণের প্রশংসা শুনতাম। আমার ক্যারিয়ার উজ্জ্বল করতে তার অনেক অবদান ছিল। আমজাদ ভাইয়ের রূহের মাগরিফাত কামনা করি। তিনি যেন বেহেশতে থাকতে পারেন।”
বিএফডিসিতে শনিবার চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেনের কফিনের পাশে চিত্রনায়ক ফারুক।
আরও উপস্থিত ছিলেন, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, এফডিসির এমডি আমির হোসেন, নির্মাতা গুলজার আহমেদ, সোহানুর রহমান সোহান, বদিউল আলম খোকন, দেলোয়ার জাহান ঝন্টু, আনোয়ারা, চিত্রনায়ক রুবেল, রিয়াজ, জায়েদ খান, সাইমন ও আরিফিন শুভ, জয় চৌধুরী, আরজু কায়েস, শানসহ এফডিসিকেন্দ্রীক বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা।
দিনভর শ্রদ্ধা নিবেদন শেষে আমজাদ হোসেনের মরদেহ নিয়ে যাওয়া হয়েছে তাই জামালপুরেই। সেখানেই পিতার কবরে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি।
বিএফডিসিতে শনিবার চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেনের কফিনের পাশে চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌস এবং সাইমন সাদিক।
১৯৬৭ সালে মুক্তি পায় তার নির্মিত প্রথম চলচ্চিত্র ‘খেলা’। সাড়া জাগানো চলচ্চিত্র ‘জীবন থেকে নেয়া’র চিত্রনাট্য লেখায় জহির রায়হানের সঙ্গে আমজাদ হোসেনও ছিলেন।
তার ‘নয়নমনি’, ‘ভাত দে’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘সুন্দরী’, ‘জন্ম থেকে জ্বলছি’, ‘দুই পয়সার আলতা’, ‘কসাই’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রও দর্শক ও বোদ্ধামহলের প্রশংসা পায়। তার লেখা ও নির্মিত টিভি নাটকও ছিল জনপ্রিয়।
গান লেখায়, চিত্রনাট্যে ও পরিচালনায় চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। এছাড়া সরকার তাকে একুশে পদকেও ভূষিত করে।
