২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলে গেলেন গণমাধ্যম ব্যক্তিত্ব সরকার ফিরোজ

এটিএন নিউজের প্রধান উপদেষ্টা, মুক্তিযোদ্ধা সরকার ফিরোজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে মারা যান।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2018, 06:45 PM

Updated : 08 Apr 2022, 07:30 PM

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন।

বৃহস্পতিবার বেলা ৩টায় এটিএন নিউজের সামনে তার প্রথম জানাজায় অংশ নেন এটিএন বাংলা ও এটিএন নিউজের বিভিন্নস্তরের কর্মকর্তারা। বিভিন্ন বেসরকারি স্যাটেলাইট চ্যানেলের উর্ধ্বতন কর্মকর্তা এবং প্রয়াতের পরিবারের সদস্যরা অংশ নেন।

বীর মুক্তিযোদ্ধা সরকার ফিরোজকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। বাদ আসর ধানমন্ডি ঈদগাহ মসজিদে দ্বিতীয় জানাজা শেষে শাহজাহানপুর কবরস্থানে দাফন করা হয়।

এর আগে ২ ডিসেম্বর শারীরিক অসুস্থতা নিয়ে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ভর্তি হন তিনি। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

দীর্ঘ ৫০ বছর তিনি সম্প্রচার মাধ্যমে কাজ করেছেন। স্বাধীনতার আগে পাকিস্তান টেলিভিশন দিয়ে তার কর্মজীবন শুরু। ১৯৭১ সালে তিনি তৎকালীন পাকিস্তান টেলিভিশনের ঢাকা কেন্দ্রের একজন ঘোষক ছিলেন। পরবর্তীতে বাংলাদেশ টেলিভিশনের ট্রান্সমিশনের দায়িত্বে ছিলেন তিনি। দীর্ঘদিন বিটিভিতে কাজ করে সেখান থেকে অবসর নেওয়ার পর যুক্ত হন দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলায়।

২০১২ সালের নভেম্বরে দেশের প্রথম সংবাদভিত্তিক চ্যানেল এটিএন নিউজে উপদেষ্টা হিসেবে যোগ দেন। খান আতাউর রহমানের ‘আবার তোরা মানুষ হ’ চলচ্চিত্রে ববিতার বিপরীতে অভিনয় করেছেন তিনি। এছাড়া তিনি আরো কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি ‘ধানমন্ডি বাঁচাও’ আন্দোলনের সঙ্গেও যুক্ত ছিলেন।