পঞ্চম ‘ব্যান্ড ফেস্ট’-এর চমক তাজোয়ারের এলআরবি
১৭টি ব্যান্ডের অংশগ্রহণে আগামী ১ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যানেল আই’র আয়োজনে ‘ব্যান্ড ফেস্ট’-এর পঞ্চম আসর।
আইয়ুব বাচ্চুর হাত ধরেই ২০১৪ সালে যাত্রা শুরু করে ‘ব্যান্ড ফেস্ট’। সদ্য প্রয়াত এ তারকার অনুপস্থিতিতে তার সন্তান তাজোয়ার হাজির হচ্ছেন পিতার প্রতিষ্ঠিত এলআরবি নিয়ে। ১৭টি ব্যান্ডের পাশাপাশি তাই এবারের মূল আকর্ষণ হিসেবে থাকছে আইয়ুব বাচ্চুবিহীন নতুন এলআরবি।
২৯ নভেম্বর এ উপলক্ষে এ সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্যে চ্যানেল আই-এর পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজের কণ্ঠেও উঠে এলো আইয়ুব বাচ্চুর কথা। তিনি বলেন, “৫ বছরে ব্যান্ড ফেস্টে’র সফলতা উল্লেখ করার মতো অবস্থানে পৌঁছেছে। আইয়ুব বাচ্চুর নেতৃত্বে যাত্রা শুরু হয় এ ব্যান্ড ফেস্টের। তিনি আমাদের ছেড়ে কিছুদিন আগে চলে গেছেন না ফেরার দেশে। এটি এবার আরো ব্যাপক পরিসরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আইয়ুব বাচ্চু মারা যাবার কিছুদিন আগেও এ বিষয়ে আমাদের সঙ্গে কথা বলেছেন। কিন্তু তিনি দেখে যেতে পারলেন না। তবে আশার কথা, তার সন্তান ও ব্যান্ডকে আমরা পাচ্ছি।”
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ফিডব্যাক-এর লাবু রহমান, বাংলাদেশ ব্যান্ডের ওমর খালেদ রুমী, অবসকিউরের টিপু প্রমুখ। ৫ম ব্যান্ড ফেষ্টে অংশ নিচ্ছে উচ্চারণ, ডিফারেন্ট টার্চ, অবসকিউর, তিরন্দাজ, ম্যট্রিকেল, দলছুট, ফিডব্যাক, জলের গান, আর্টসেল এবং এল আর বি-সহ ১৭টি ব্যান্ডদল।
১ ডিসেম্বর সকাল ১০টা ৩০ মিনিটে এসব ব্যান্ড দলের সদস্যদের নিয়ে উদ্বোধন করা হবে ব্যান্ড ফেস্ট’র দিনব্যাপি কার্যক্রম। অনুষ্ঠানটি চলবে বিকেল ৫টা পর্যন্ত। ‘ব্যান্ড ফেস্ট’ সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। এটি উপস্থাপনা করবেন অপু মাহফুজ, সাফি আহমেদ ও দিলরুবা সাথী। পরিচালনায় থাকবেন অনন্যা রুমা।
