২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সম্মাননা পেলেন দেবজিৎ বন্দ্যোপাধ্যায় ও পান্থ শাহরিয়ার

থিয়েটার প্রবর্তিত মুনীর চৌধুরী সম্মাননা পেয়েছেন ভারতের নাট্য গবেষক ও শিল্পী দেবজিৎ বন্দ্যোপাধ্যায় এবং মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক পেয়েছেন পান্থ শাহরিয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

‌গ্লিটজ প্র‌তি‌বেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2018, 11:15 AM

Updated : 08 Apr 2022, 07:24 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে অনাড়ম্বর এক আয়োজনের মধ্য দিয়ে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

সম্মাননাপ্রাপ্তি অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম। থিয়েটারের দলপ্রধান ফেরদৌসী মজুমদারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন নাট্যজন রামেন্দু মজুমদার।

সম্মাননাপ্রাপ্তিতে অনুভূতি প্রকাশ করে দেবজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি এই্ পুরস্কারের জন্য কতটা যোগ্য তা জানি না। অবিশ্বাস্য এক ধরণের অনুভূতি হচ্ছে। যে মুনীর চৌধুরীর নামাঙ্কিত এই পুরস্কারপ্রাপ্তি আমার জন্য অভাবনীয়। কখনই স্বীকৃতির আশায় আমি কাজ করিনি। কিন্তু মুনীর চৌধুরীর নামের সঙ্গে সম্পৃক্ত এই স্বীকৃতিটি আমার কাছে অনেক বড় প্রাপ্তি। তাছাড়া এ পুরস্কারের সঙ্গে বাংলা ও বাঙালিত্বের সংযোগ রয়েছে। আত্মিকতার বন্ধন রয়েছে। তাই আমার জন্য নতুন একটি দায়িত্ব অর্পন হলো। কিছু একটা করতে হবে। যে জীবনমুখী কাজ তারা করেছেন, সেই পদাঙ্ক অনুসরণ করে আমিও কিছু করতে চাই।"

পান্থ শাহরিয়ার বলেন, "যেকোন স্বীকৃতি অনুপ্রেরণা যোগায়। যদিও স্বীকৃতির জন্য কখনও কাজ করিনা। কাজ করতে থাকলে স্বীকৃতি সহজেই আসে। মঞ্চে এটিই আমার প্রথম পুরস্কার। তাই এই পুরস্কার অন্যরকম মূল্য বহন করে। নতুন কিছু কাজ করার প্রেরণা যোগায়।"

অনুষ্ঠানের শেষাংশে নাটকের গান পরিবেশন করেন দেবজিৎ বন্দোপাধ্যায়।

১৯৮৯ সাল থেকে প্রবর্তিত মুনীর চৌধুরী সম্মাননাপ্রাপ্তরা হলেন মোহাম্মদ জাকারিয়া, অমলেন্দু বিশ্বাস (মরণোত্তর), আবদুল্লাহ আল-মামুন, নাগরিক নাট্য সম্প্রদায়, সৈয়দ জামিল আহমেদ, রামেন্দু মজুমদার, মুক্তধারা, সাঈদ আহমদ, ফেরদৌসী মজুমদার, সৈয়দ শামসুল হক, আতাউর রহমান, মামুনুর রশীদ, নাসিরউদ্দিন ইউসুফ, সেলিম আল দীন, আলী যাকের, নিখিল সেন, আসাদুজ্জামান নূর, জিয়া হায়দার, মলয় ভৌমিক, পার্থপ্রতিম মজুমদার, আবদুস সেলিম, মনোজ মিত্র, আরণ্যক নাট্যদল, লিয়াকত আলী লাকী, মৃত্তিকা চাকমা, ম. হামিদ, কেরামত মওলা ও ইস্রাফিল শাহীন।

তরুণতর প্রতিভাকে উৎসাহিত করার জন্যে ১৯৯৭৮ সালে প্রবর্তিত হয় মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক। এর আগে এ পদক পেয়েছেন আহমেদ ইকবাল হায়দার, মান্নান হীরা, শিমুল ইউসুফ, ঠান্ডু রায়হান, খালেদ খান, দেবপ্রসাদ দেবনাথ, নাসিরুল হক খোকন, মাসুম রেজা, আমিনুর রহমান মুকুল, ফয়েজ জহির, জগলুল আলম, শুভাশিস সিন্্হা, বাবুল বিশ্বাস, অসীম দাশ, থিয়েটারওয়ালা, সুদীপ চক্রবর্তী, সামিনা লুৎফা নিত্রা, আইরিন পারভীন লোপা, আকতারুজ্জামান, অভিজিৎ সেনগুপ্ত ও রুমা মোদক।