সংগ্রামী মারুফার গল্প শুনে অভিভূত ফেরদৌস
সংগ্রামী নারী মারুফার গল্পে সাজানো হয়েছে নাগরিক টিভির নিয়মিত অনুষ্ঠান নন্দিনী। এতে অতিথি হয়েছেন চিত্রনায়ক ফেরদৌস।
পোশাক শিল্পে কাজ করতেন। পরিবারে স্বচ্ছলতা ছিল না। শুধু স্বপ্ন দেখার শক্তিতে নিজেকে রাঙ্গিয়ে নিতে তুলেছেন মারুফা। চাকরির পাটটা আপাতত বন্ধ রেখেই মারুফা স্কলারশীপ নিয়ে আবার পড়াশোনায় মন দিয়েছেন। নাগরিক টেলিভিশনের ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান ‘নন্দিনী’-তে অতিথি হয়ে এসেছেন মারুফা। বলেছেন তার জীবনের গল্প। তার সঙ্গে অতিথি হয়ে গল্প শুনেছেন চিত্রনায়ক ফেরদৌস।
মারুফার গল্প শুনে অভিভূত এ নায়ক। শুটিং স্পটে ফেরদৌস বললেন, “মারুফা সত্যি তোমার গল্প শুনে, তোমাকে দেখে, অন্য রকম এক ভাল লাগার অনুভূতি নিয়ে গেলাম। এসেছিলাম, তোমাকে উৎসাহ দিতে, কিন্তু তোমার কাছ থেকেই আমি উৎসাহ নিয়ে গেলাম। তোমার যে মনোবল, এটাই অনেক বড় শক্তি। আমি জানি, তোমার মতই আরো অনেক মারুফা তোমাকে দেখে উৎসাহিত হবে। হয়তো আগামীতে এরকম কাউকে কখনো দেখলে, তোমার কথাই আমার মনে হবে।”
শুটিং শেষে ফেরদৌসের সঙ্গে হাত মেলালেন মারুফা। বলেন, “স্বপ্নের নায়ককে নিজের অনুষ্ঠানের অতিথি হিসেবে পেয়েছি, এটাই তো অনেক বড় পাওয়া।”
অনুষ্ঠানে মারুফার ওপর নির্মিত তার জীবন সংগ্রামের একটি তথ্যচিত্র প্রদর্শিত হবে। আজরা মাহমুদের উপস্থাপনায় শুক্রবার রাত আটটায় প্রচারিত হবে অনুষ্ঠানটি।
