২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দীপ্ত টিভিতে নতুন তুর্কি ধারাবাহিক ‘এইযেল’

সুলতান সুলেমান ‘কোসেম’ সম্প্রচার শেষ হওয়ার পর দীপ্ত টিভিতে প্রচারিত হতে যাচ্ছে বিদেশী ধারাবাহিক ‘এইযেল’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2018, 04:49 PM

Updated : 11 Oct 2022, 12:43 PM

আগামী ১২ নভেম্বর দীপ্ত টিভিতে শেষ হতে যাচ্ছে জনপ্রিয় বিদেশী ধারাবাহিক সুলতান সুলেমান ‘কোসেম’। এটি শেষ হতে না হতেই নতুন ধারাবাহিক নিয়ে আসছে টেলিভিশন চ্যানেলটি। আগামী ১৩ নভেম্বর থেকে শুরু হবে নতুন তুর্কি ধারাবাহিক ‘এইযেল’।

এ উপলক্ষে ২৮ অক্টোবর সন্ধ্যা ৭টায় দীপ্ত টিভি ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন দীপ্ত টিভির সিইও কাজী উরফী আহমদ, অনুষ্ঠান প্রধান ফুয়াদ চৌধুরীসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ।

সংবাদ সম্মেলনে দীপ্ত টিভির সিইও কাজী উরফী আহমদ বলেন, “প্রথম থেকেই দীপ্ত টিভি চেষ্টা করছে দর্শকদের এমন কিছু উপহার দিতে যা তাদের মধ্যে বাংলাদেশী টিভি চ্যানেল দেখার আগ্রহ জন্মায়। সুলতান সুলেমানসহ দীপ্ত টিভির নিজস্ব মেগা সিরিয়াল পালকী, অপরাজিতা, মধ্যবর্তিনী দর্শকদের মধ্যে ভালো সাড়া জাগিয়েছে। আমরা মনে করি ‘এইযেল’ও সেরকম জনপ্রিয় হবে, কারণ এটা একটা ভিন্নধর্মী, সিরিয়াল যাতে রয়েছে রোমাঞ্চ, সাসপেন্স, গ্ল্যামার এবং একটি চমকপ্রদ কাহিনী।”

বন্ধুদের প্রতারণার শিকার হয়ে ঘটনার পরিক্রমায় এক সহজ সরল ছেলের রহস্যময় গডফাদার হয়ে ওঠার গল্প নিয়ে নির্মিত হয়েছে তুরস্কের এই জনপ্রিয় ধারাবাহিক ‘এইযেল’।

এটি প্রচারিত হবে শনি থেকে বৃহস্পতি সপ্তাহে ছয়দিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিট ও রাত ১০ টায়।