১১ পৌরাণিক গাথায় ‘বাংলাদেশের হারানো গল্প’
জলের দানব মাকারা কীভাবে হয়ে উঠেছিল মানুষের দেবতা? শ্যামনগরের ঈশ্বরীপুর রাজবাড়ি ঘুরে রাজকুমারী অভয়ার সন্ধানে, আর বাবা বিক্রমাদিত্যকে হত্যা করে কীভাবে প্রতাপাদিত্য হয়ে উঠেছিলেন রাজা- এমন সব পৌরাণিক কাহিনীর যোগ ঘটেছে ফ্রেমে ফ্রেমে।
দেশের বিভিন্ন অঞ্চলের ১১টি কাহিনীর এ সন্নিবেশ ঘটেছে ‘বাংলাদেশের হারানো গল্প’ প্রামাণ্যচিত্রে।
শুক্রবার বিকালে কৃষিবিদ মিলনায়তনে এর প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হয়। আইসিটি বিভাগের স্টার্টআপ বাংলাদেশের সহযোগিতায় নির্মিত ‘বাংলাদেশের হারানো গল্প’ উৎসর্গ করা হয় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হককে।
প্রিমিয়ার শোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তার স্ত্রী মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক।
অনুষ্ঠানে অতীতকে খুঁজে বের করে তুলে আনার জন্য কয়েকজন তরুণের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে পুরনো থেকে শিখতে ও শেখাতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
রুবানা হক বলেন, “আমরা প্রায়শ ভুলে যাই বিগতকে। আমরা বর্তমানে দাঁড়িয়ে থেকে গতকালকে ভুলে যাই, ভবিষ্যতের আশায় বা লিপ্সায়। যাতে করে আমরা কেউই খুব ভালো করে আমাদের ইতিহাস ঘাঁটি না।
“কাজেই আমরা পুরানো কথা পড়তে ভুলে যাই, পড়াতে ভুলে যাই। পুরনো ইতিহাস লিখতে ভুলে যাই, লেখাতে ভুলে যাই।”
রবি আজিয়াটা লিমিটেডের সৌজন্যে এ প্রামাণ্যচিত্র নির্মাণ করেছে ফাইন্ডিং বাংলাদেশ। পরিচালনা করেছেন প্রতিষ্ঠানের পরিচালক আদনান এম এম ফকির।
ছয় বছরের চেষ্টায় প্রামাণ্যচিত্রটি প্রিমিয়ার শোতে এসেছে। ২০১৪ সালে চূড়ান্ত হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে আসে চার বছর।
আনিসুল হকের নামে প্রামাণ্যচিত্রটি উৎসর্গ করার বিষয়ে কথা বলতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন তার স্ত্রী রুবানা হক।
অনুষ্ঠানের শুরুতে প্রয়াত মেয়রের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
রুবানা হক বলেন, “বেঁচে থাকলে প্রিয় বিয়োগ হয় এটা যেমন সত্যি, তেমনি বেঁচে থাকলে আমরা যেন তাদের কাজগুলো করি। আমরা যারা বেঁচে আছি তরুণদের পেছনে ঘুরে তাকানোর চেষ্টাটুকুকে সম্মান জানাব। ইতিহাস থেকে শিখব এবং শেখাব। তরুণদের পাশে দাঁড়িয়ে থাকার চেষ্টা করব।”
তরুণদের উদ্দেশে তিনি বলেন, “আমাদের প্রজন্ম যেখানে হেরে গেছি, আপনারা হারবেন না। সত্যের সন্ধানে থাকবেন, ইতিহাসের সন্ধানে থাকবেন, এবং আশা করি আদনানের (প্রামাণ্যচিত্রের পরিচালক) মতো এক হাজার তরুণ অতীতকে এভাবে দেখবে, শ্রদ্ধা করবে এবং এগিয়ে যাবে।”
কবি আবু জাফর ওবায়দুল্লাহর ‘আমি কিংবন্তির কথা বলছি’ আবহ আবৃত্তিতে প্রামাণ্যচিত্রের সূচনা হয়। কখনো ধারা বর্ণনায়, কখনো গল্পচ্ছলে আবার কখনো হাস্যরসাত্মক বর্ণনায় এগিয়ে চলে ৮০ মিনিটের এই প্রামাণ্যচিত্র।
দেশের ১৭টি প্রত্নতাত্ত্বিক স্থাপনার উপর ভিত্তি করে ১১টি গল্পের এই প্রামাণ্যচিত্রে স্থান পেয়েছে বারো ভূঁইয়াদের অন্যতম শাসক রাজা প্রতাপাদিত্য, খান জাহান আলী, গাজী-কালু, চম্পাবতী, মাকারা এবং বনবিবি ও কামিনীর পৌরাণিক গাথা।
বরিশাল থেকে রায়েরকাঠি রাজবাড়ী ও তার সঙ্গে সংশ্লিষ্ট মন্দিরগুলোর গল্প পুনরুজ্জীবিত করার পাশাপাশি কৃত্তিপাশা রাজবাড়ীর ভৌতিক এবং কুয়াকটার মিশ্রিপাড়া বৌদ্ধ বিহারের গল্প তুলে আনার চেষ্টাও ছিল প্রামাণ্যচিত্রে।
পরিচালক আদনান ফকির বলেন, “প্রামাণ্যচিত্রের উদ্দেশ্য হচ্ছে ভুলে যাওয়া এবং না বলা গল্পগুলোকে নতুন করে বলা এবং আমাদের পরিচয়ের গৌরবকে পুনরুজ্জীবিত করে তোলা।”
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে এলইডি স্ক্রিনিংয়ের মাধ্যমে উন্মোচন করা হয় ফাইন্ডিং বাংলাদেশের লোগো।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আইসিটি বিভাগের স্টার্টআপ বাংলাদেশের উপদেষ্টা টিনা জামান।
