শাকিব ‘কালপ্রিট’ নন
চলচ্চিত্রের নাম চূড়ান্ত না হলেও গণমাধ্যমে ভুল নাম উপস্থাপিত হওয়ায় বিপাকে পড়েছেন নির্মাতা শাহিন সুমন। এফডিসিতে চলছে এ নির্মাতার নতুন চলচ্চিত্র ‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’ চলচ্চিত্রের শুটিং।
চলতিবছর জুন মাসে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’ চলচ্চিত্রের ঘোষণা দেয় প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া।
সম্প্রতি শাকিব খান-বুবলী অভিনীত চলচ্চিত্রটির নাম পরিবর্তনের সিদ্ধান্ত জানান নির্মাতা শাহিন সুমন। তবে, কি নাম দেবেন তা নিয়ে এখনও ভাবছেন তিনি। এরই মধ্যে গণমাধ্যমে চলচ্চিত্রটির নাম ‘কালপ্রিট’ বলে উপস্থাপিত হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করলেন এ নির্মাতা।
তিনি বলেন, “চলচ্চিত্রটির নাম এখনও ঠিক হয়নি। কে দেয় এসব নাম আমি জানি না। নাম চূড়ান্ত হলে আমরা জানাবো। তার আগে ভুল নাম দিয়ে সংবাদ পরিবেশন হওয়া দু:খজনক।”
শাহিন সুমন জানান, এফডিসিসহ ঢাকা ও ঢাকার বিভিন্ন লোকেশনে টানা শুটিং চলবে শাকিব-বুবলী অভিনীত চলচ্চিত্রটির। চলতিবছরই মুক্তির পরিকল্পনা নিয়ে এগুচ্ছেন নির্মাতা।
এদিকে মঙ্গলবার, শুটিং চলাকালীন সেটে পুত্র আব্রামকে নিয়ে হাজির হয়েছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। উদ্দেশ্য শাকিব খানের হাতে পুত্রের তৃতীয় জন্মদিনের আমন্ত্রণপত্র পৌঁছে দেয়া। গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হলেও এ বিষয়ে মুখ খুলতে নারাজ নির্মাতা শাহিন সুমন।
