জয়ার ‘দেবী’তে অনুপম রায়
বাংলাদেশের চলচ্চিত্রে প্রথম বারের মতো গাইলেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার, সংগীত পরিচালক ও সংগীতশিল্পী অনুপম রায়।
জয়া আহসান প্রযোজিত অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ চলচ্চিত্রে গাইলেন অনুপম রায়। ‘দু মুঠো বিকেল’ শিরোনামের এ গানের কথাও লিখেছেন তিনি।
নিজে: ক্রমশ এ গল্পে আরো পাতা জুড়ে নিচ্ছি, দু মুঠো বিকেল যদি চাও ছুঁড়ে দিচ্ছি, আরো কিছুক্ষণ যোগাযোগ ধরে রাখছি, আঙুলে আঙুল যেন ভুল করে ডাকছি, এ ছেলেমানুষী তুলি দিয়ে আঁকছি-এমন কথার গানের সুর, সংগীত ও কণ্ঠ দিয়েছেন অনুপম।
এ গানের দৃশ্যায়নে দেখা যাবে ‘দেবী’ চলচ্চিত্রের রানু অর্থাৎ জয়া আহসান এবং আনিস অর্থাৎ অনিমেষ আইচকে।
১৬ সেপ্টেম্বর এক ভিডিও বার্তায় অনুপম বলেন, “আমার খুব প্রিয় একজন লেখক হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে ‘দেবী’ নির্মিত হয়েছে। খুব স্বাভাবিকভাবেই আমার আগ্রহ রয়েছে এই চলচ্চিত্রের প্রতি। পাশাপাশি এ ছবির প্রযোজক জয়া আহসানও আমার খুব প্রিয় একজন বন্ধু। জয়া যখন আমাকে এই চলচ্চিত্রের জন্য একটি গান করার অনুরোধ জানায়, আমি তৎক্ষণাৎ রাজি হয়ে যাই।
তিনি আরও বলেন, “আমি যে আমার সিদ্ধান্তে ভুল করিনি, তা এই গানের দৃশ্যায়ণ এবং ছবির টিজার দেখেই বুঝতে পেরেছি।‘দেবী’ নিয়ে সবার যেরকম আগ্রহ আছে, আমার আগ্রহও রয়েছে সমান ভাবে। আমি নিশ্চিত ‘দেবী’ ভিন্ন ধারার একটি ছবি হবে।”
জানা গেছে অনম বিশ্বাস পরিচালিত, সরকারী অনুদান ও জয়া আহসানের ‘সি তে সিনেমা’ প্রযোজনা সংস্থা প্রযোজিত ‘দেবী’র এই গানটি ১৭ সেপ্টেম্বর সকাল ১১টায় পরিবেশনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে।
পাশাপাশি ফেসবুকে জয়া আহসানের ভ্যারিফাইড ফ্যান পেইজ এবং দেবী-মিসর আলি প্রথমবার পেইজেও দেখা যাবে গানটি।
