২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রামাণ্যচিত্র নির্মাণ বিষয়ক কর্মশালা ‘ঢাকা ডক ল্যাব’ শুরু

মুক্ত চলচ্চিত্র নির্মাণে তহবিল সংগ্রহ ও কারিগরি সহায়তায় আন্তঃদেশীয় সংযোগ বৃদ্ধির প্রত্যয় নিয়ে ঢাকায় শুরু হল প্রামাণ্যচিত্র নির্মাণ বিষয়ক ‘ঢাকা ডক ল্যাব’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2018, 08:23 PM

Updated : 19 Aug 2022, 02:32 PM

শুক্রবার বিকালে রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে ছয় দিনের এই আসরের উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

বাংলাদেশের চলচ্চিত্রকে বৈশ্বিক প্রেক্ষাপটে তুলে ধরতে বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতাদের যৌথ প্রযোজনার ছবি নির্মাণের কলাকৌশল প্রশিক্ষণ দিতে দ্বিতীয়বারের মতো ঢাকায় আয়োজিত হচ্ছে এই আসরটি।

প্রামাণ্যচিত্রের যৌথ প্রযোজনার কলাকৌশল ও যৌথ প্রযোজনার বাজার সংক্রান্ত আন্তর্জাতিক কর্মশালারও আয়োজন করা হয়েছে এই আসরে।

উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, “প্রামাণ্যচিত্রের নিজস্ব একটি ভাষা রয়েছে, রয়েছে নিজস্ব স্বকীয়তা। কোথাও কোনো কল্পনার রঙ না চড়িয়ে প্রামাণ্যচিত্র সরাসরি সত্যের কেন্দ্রবিন্দুতে নিয়ে যায় আমাদের। সত্যের নিরেট শক্তিকে সে তুলে ধরে।”

অনুষ্ঠানে ব্ক্তব্য রাখেন ঢাকা ডক ল্যাবের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নাসিরউদ্দীন ইউসুফ, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, ভারতের ডকুমেন্টারি রিসার্চ ইনিশিয়েটিভের প্রতিষ্ঠাতা সভাপতি নীলোৎপল মজুমদার, ঢাকা ডক ল্যাবের পরিচালক তারেক আহমেদ, জর্জিয়ার চলচ্চিত্রকার সালম জোশি।

তারেক আহমেদ জানান, ছয় দিনের এই কর্মশালা দুই অংশে বিভক্ত।

প্রথম অংশে অংশগ্রহণকারীরা ৪টি গ্রুপে ভাগ হয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণে অংশ নেবেন। দেশি-বিদেশি মেন্টররা প্রত্যেকেই একেকটি গ্রুপে বিশেষজ্ঞ হিসেবে প্রশিক্ষক ও পরামর্শকের কাজ করবেন।

এই আয়োজনের দ্বিতীয় ভাগেই মূলত যৌথ প্রযোজনা সংক্রান্ত পিচিং সেশন হবে।

বাছাইকৃত ১৫ জন অংশগ্রহণকারী ইতোমধ্যেই যে প্রকল্পগুলো মেন্টরিংয়ের সুযোগ পেয়েছেন, কর্মশালার এই অংশে তা দেশি-বিদেশি প্রযোজক, সম্প্রচার মাধ্যম, কমিশনিং এডিটর, চলচ্চিত্র পরিবেশক, চলচ্চিত্র বাজার বিশেষজ্ঞ ও সিনেমায় অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সামনে মাধ্যমে উপস্থাপন করবেন।

প্রতি নির্মাতা তার চলচ্চিত্র প্রকল্প উপস্থাপন ও প্রশ্নোত্তরের জন্য ১৫ মিনিট করে সময় পাবেন।

পরবর্তীতে প্রত্যেকেই আগ্রহী সম্প্রচার মাধ্যম, চলচ্চিত্র পরিবেশক, সিনেমায় অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের সুযোগ পাবেন।

৫ সেপ্টেম্বর কর্মশালার শেষ দিনে সমাপনী অনুষ্ঠানে কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে সেরা প্রকল্পগুলোকে ‍পুরস্কৃত করা হবে।

তারেক আহমেদ জানান, ‘ঢাকা ডক ল্যাব’ এ প্রদর্শনীর জন্য দক্ষিণ এশিয়ার ৯টি দেশ থেকে চলচ্চিত্র জমা পড়েছিল। তবে জুরি বোর্ড বাংলাদেশ, ভারত ও নেপালের ১৫টি প্রামাণ্যচিত্র নির্বাচন করেছেন।

চলমান রোহিঙ্গা সঙ্কট নিয়ে মিয়ানমারের চলচ্চিত্রকার খিন মায়ো মায়াতের ‘মিয়ানমার মিডওয়াইফ’ চলচ্চিত্রটি  এবারের আসরে প্রদর্শিত হওয়ার কথা ছিল।

কিন্তু শেষ মুহূর্তে এসে মিয়ানমার সরকার চলচ্চিত্রটি বাংলাদেশে প্রদর্শনের অনুমতি দেয়নি।

নাসিরউদ্দীন ইউসুফ বলেন, “প্রামাণ্যচিত্রের প্রকল্পগুলো নিয়ে ঢাকা ডব ল্যাবের প্ল্যাটফর্মে আসতে তরুণদের আমরা স্বাগত জানাই।  আমাদের চারপাশে অনেক গল্প রয়েছে, যা হয়তো এখনো চলচ্চিত্র আকারে আসেনি।  তরুণদের প্রকল্প যুৎসই মনে হলে আন্তর্জাতিক বাজার থেকে অনুদান পাওয়া যেতে পারে নির্মাণের ক্ষেত্রে।”