২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভুলতে বসা ঐতিহ্য মনে করাতে শিল্পকলার উদ্যোগ

ভুলতে বসা পুরান ঢাকার ঐতিহ্যের সঙ্গে নাগরিকদের নতুনভাবে পরিচয় করিয়ে দিতে শিল্পকলা একাডেমি রাজধানীজুড়ে আয়োজন করতে যাচ্ছে ‘শিল্পের শহর ঢাকা’ শিরোনামে নতুন এক উদ্যোগ ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2018, 05:00 PM

Updated : 19 Aug 2022, 02:22 PM

সাধারণ মানুষের সঙ্গে ‘শিল্পের সংযোগ ঘটাতে’ শিল্পকলা একাডেমির তিনদিনের এই আয়োজনটি শুরু হচ্ছে বৃহস্পতিবার সকাল থেকে।

মঙ্গলবার সকালে রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

তিনি জানান, এশিয়ান আর্ট বিয়েনালের ১৮তম আসর উপলক্ষে তরুণ পারফরমেন্স আর্ট শিল্পীদের নিয়ে নতুন এই উদ্যোগটি নিয়েছে।

“শিল্পকলা একাডেমির সহযোগিতায় দেশে নিউ মিডিয়া চর্চার অন্যতম অংশ পারফরমেন্স আর্ট নতুন মাত্রা পেতে যাচ্ছে। আর্ট বিয়েনালের এবারের আসরে যুক্ত হতে যাচ্ছে এই শিল্প মাধ্যমটি।  সেই উদ্যোগ থেকে ‘শিল্পের শহর ঢাকা’র পরিকল্পনা।”

লিয়াকত আলী লাকী বলেন, “শিল্পের শহর- এর অনুপ্রেরণায় ঢাকা শহর এবং এর ৪০০ বছরের ইতিহাস। আজ এই শহরের পরিচিতি মেগাসিটি হলেও নাগরিক নানা সঙ্কটে এই শহরের ঐতিহ্য মানুষ ভুলতে বসেছে। যানজটের চাপে মানবিক আবেগগুলো অনেকখানি উপেক্ষিত।  শহরবাসীকে পুরনো ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দিতে, মানুষের মাঝে শিল্পের বোধ ছড়িয়ে দিতে আয়োজিত হতে যাচ্ছে ‘শিল্পের শহর ঢাকা’।”

পুরান ঢাকা, সংসদ ভবন, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, কমলাপুর রেলওয়ে স্টেশন- এই স্থানগুলোকে শিল্পীদের পারফরমেন্সের জন্য প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে।

‘শিল্পের শহর’ আয়োজনটিতে ১৬ জন বাংলাদেশি শিল্পী পারফর্ম করবেন।  এই কর্মসূচিতে হরের বিভিন্ন স্থানে বাউল শিল্পীদের পরিবেশনা ও শিশুদের সাংস্কৃতিক পরিবেশনা থাকবে।

১ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এশিয়ান আর্ট বিয়েনালের ১৮তম আসরে ৬৭টি দেশের শিল্পীরা অংশ নেবেন।

আর্ট বিয়েনালের মূল আসরে বাংলাদেশের ১৫ জন শিল্পীর পাশাপাশি এশিয়ার বিভিন্ন দেশ থেকে নির্বাচিত ১২ জন শিল্পী তাদের পারফরমেন্স প্রদর্শন করবেন।

এশিয়ান আর্ট বিয়েনালের ১৬তম আসরে যুক্ত হয় পারফরমেন্স আর্ট।

চিত্রকলায় নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর সাংস্কৃতিক জীবনচিত্র  

সঠিক পরিচর্যা ও সংরক্ষণের অভাবে হারাতে বসেছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বসবাসরত নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতির নানা অনুষঙ্গ।শিল্পকলা একাডেমি বছরজুড়ে সেসব ভাষা ও সংস্কৃতির নানা অনুষঙ্গ সংগ্রহ করেছে।

এবার সেসব সংগ্রহ নিয়ে শিল্পকলা একাডেমির ‘চিত্রকলায় ক্ষুদ্র জাতিসত্তার সাংস্কৃতিক জীবনচিত্র’ শীর্ষক কর্মসূচি।

সংবাদ সম্মেলনে লিয়াকত আলী লাকী জানান,  এই কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে গত ২১ থেকে ২৩ জুলাই একাডেমির ৫০ জন শিল্পী কয়েকটি ভাগে বিভক্ত হয়ে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর বিভিন্ন অঞ্চল পরিদর্শন করেছে। প্রায় অর্ধশতাধিক জনগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতির বিভিন্ন উপাদান নিয়ে তারা তথ্য-উপাত্ত, স্থির চিত্র ও স্কেচ করেছে।

আগামী ২ অগাস্ট থেকে শুরু হওয়া তিনদিন ব্যাপী একটি আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হবে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায়।

এই আর্ট ক্যাম্পে অংশ নেওয়া ৫০ জন শিল্পী ৫০টি ক্ষুদ্র নৃতাত্ত্বিক জাতিসত্তার সাংস্কৃতিক জীবন কেন্দ্র করে ১৫০টি চিত্রকর্ম আঁকবেন।

চূড়ান্ত পর্যায়ে সেসব চিত্রকর্ম নিয়ে একটি ক্যাটালগসহ চিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে বলে জানান লিয়াকত আলী লাকী ।

শিল্পকলায় বর্ষামঙ্গল

২৯ জুলাই সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বর্ষার গান নিয়ে অনুষ্ঠিত হবে ‘বৃষ্টির পদাবলী’ শীর্ষক সঙ্গীতানুষ্ঠান। এই আয়োজনে শিল্পকলা একাডেমির সহযোগী হিসেবে রয়েছে সরকারি সংগীত কলেজ।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন এতে প্রধান অতিথি থাকবেন।

এছাড়া ৩০ জুলাই এক সাংস্কৃতিক অনুষ্ঠানে মহাকবি কায়কোবাদকে স্মরণ করবে শিল্পকলা একাডেমি।

জাতীয় শোক দিবসের আয়োজন

জাতীয় শোক দিবস উপলক্ষে ১ অগাস্ট থেকে শুরু হচ্ছে নানা আয়োজন। এই আয়োজনের মধ্যে রয়েছে পক্ষকালব্যাপী চিত্রকলা ও আলোকচিত্র প্রদর্শনী, শিশুদের কণ্ঠে বঙ্গবন্ধুর গান, বাউল শিল্পীদের কণ্ঠে ‘বঙ্গবন্ধুর গান’,  নাটক ‘মুজিব মানে মুক্তি’, নৃত্যনাট্য ‘যতকাল রবে পদ্মা মেঘনা যমুনা বহমান’, কবিতা পাঠের আসর ‘কবিতায় বঙ্গবন্ধু’।