ইমন চক্রবর্তী ও স্বপ্নীল সজীবের ‘খয়েরী বিকেল’
কলকাতার সংগীতশিল্পী ইমান চক্রবর্তীর সঙ্গে ‘খয়েরী বিকেল’ শিরোনামে একটি গানে কণ্ঠ দিলেন ঢাকার সংগীতশিল্পী স্বপ্নীল সজীব।
গানটির মিউজিক ভিডিও আগামী সোমবার প্রকাশ করবে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। গানটি লিখেছেন গালিব সরদার, সুর করেছেন এহসান রাহী ও সংগীতায়োজনে ছিলেন আমজাদ হোসেন। মিউজিক ভিডিও নির্মাণ করেছন শাহরিয়ার পলক।
গানটি প্রসঙ্গে স্বপ্নীল সজীব বলেন, “রবীন্দ্র সংগীত শিল্পী হিসেবে শ্রোতারা আমাকে অশেষ ভালোবাসা ও স্বীকৃতি দিয়েছে, কিন্তু এই প্রথম আমাদের দুই বাংলার জনপ্রিয় কন্ঠশিল্পী ও ভারতের জাতীয় চলচ্চিত্রে সেরা পদকপ্রাপ্ত শিল্পী ইমন চক্রবর্তী এর সাথে একটি ভীষণ রোমান্টিক এবং প্রেমের গান নিয়ে উপস্থিত হচ্ছি। মিষ্টি সুরেলা এই গানটি আমাদের বন্ধুত্বের একটি নিদর্শন ও বটে।”
ইমন চক্রবর্তী বলেন, “স্বপ্নীল আমার খুব ভালো বন্ধু ও অত্যন্ত গুণী শিল্পী। এর আগেও আমরা দেশে-বিদেশে অনেক কাজ করেছি একত্রে। এই প্রথম বাংলাদেশে একটি সম্পূর্ণ মৌলিক গান করছি আর এটা আমার জন্য ভীষণ ভালোলাগার।”
ইমন চক্রবর্তী রবীন্দ্রসংগীতের পাশাপাশি লোকগান করে খ্যাতি পেয়েছেন; নিয়মিত গান করছেন কলকাতার চলচ্চিত্রে। অনুপম রায়ের সংগীত পরিচালনায় শিবপ্রসাদ মুখোপাধ্যায় আর নন্দিতা রায়ের ‘প্রাক্তন’ ছবিতে তুমি যাকে ভালোবাসো’ গানটি গেয়ে দর্শকপ্রিয়তা পান।
