২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেরদৌসী মজুমদারের আত্মজৈবনিক গ্রন্থ ‘যা ইচ্ছা তাই’

অভিনয় জগতে পাঁচ দশকের পথচলার পাশাপাশি জীবনের নানা অধ্যায়ের গল্প নিয়ে মলাটবন্দি হয়েছে ফেরদৌসী মজুমদারের আত্মজৈবনিক সংকলন ‘যা ইচ্ছা তাই’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জয়ন্ত কুমার সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2018, 11:15 PM

Updated : 11 Oct 2022, 12:28 PM

শুক্রবার বিকালে রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বইটির প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।

স্বাধীনতা উত্তরকালে টেলিভিশন ও মঞ্চে একই সঙ্গে অভিনয় চালিয়ে যাওয়া ফেরদৌসী মজুমদারের রক্ষণশীল ঘেরাটোপ ভেঙে ষাটের দশকে অভিনয় জগতে আসার আদ্যোপান্ত জানা যাবে বইটির ‘একতালা-দোতালা থেকে স্পর্ধা’ অধ্যায়ে।

থিয়েটারের প্রাণপুরুষ; কোকিলারা: স্মরণীয় এক প্রদর্শনী; সেদিনের সোনাঝরা সন্ধ্যা; দিনগুলি মোর সোনার খাঁচায়; পায়ের আওয়াজ পাওয়া যায়-এর ৪০ বছর পূর্তি-বইটির এমন সব অধ্যায়ে পাঠকরা জানবেন নাট্যাঙ্গনের নানা গল্প।

কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে ফেরদৌসী লিখেছেন ‘রসিক রবীন্দ্রনাথ ঠাকুর’ নামে একটি অধ্যায়।

শৈশবের স্মৃতিচারণে ফেরদৌসী মজুমদার লিখতে ভোলেননি সানবিম স্কুলের কথা। ‘আজকের সকালে স্কুলে যা ঘটল-যার কোনো প্রস্তুতি ছিল না’- অধ্যায়ে জানা যাবে তার শিক্ষকতা জীবনকে।

‘যা ইচ্ছা তাই‘ বইটি নিয়ে ফেরদৌসী মজুমদার বলেন,  “আমি যা লিখি তা জীবন থেকে লিখি। আমি অতি সত্যি কথা উচ্চারণ করি। আজ যখন পরিবারের উৎসাহে লিখতে এসেছি, তখন মনে হয় সময় যেন ফুরিয়ে এসেছে।”

বাংলাদেশ টেলিভিশনের অন্যতম জনপ্রিয় নাটক ‘সংশপ্তক’র বহুল আলোচিত ‘হুরমতি’ চরিত্রে অভিনয় করে দর্শক হৃদয়ে আসন করে নেওয়া ফেরদৌসী মজুমদারের ৭৫ বছর পূর্ণ হয়েছে কিছুদিন আগে।

তার জন্মদিনের প্রাক্কালে স্বামী নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার তাকে সাংসারিক ভাবনা, শিক্ষকতা এসব বাদ দিয়ে কেবল লেখালেখিতেই মনোনিবেশ করতে বলেছিলেন। কিন্তু তাতে নারাজ ফেরদৌসী।

মুক্তিযুদ্ধের আগে ও পরে দেশে সংস্কৃতি চর্চার অগ্রগণ্য এই কর্মী বলেন, “সংসার, স্কুল আর নাটক-এ তিন নিয়েই তো আমি। আমি এ তিন কখনও ছাড়তে পারব না।”

তিনি বলেন তার বাবা সাবেক প্রশাসক খান বাহাদুর আব্দুল হালিম চৌধুরীর কথা। রাশভারী বাবার কাছ থেকেই কীভাবে অভিনয়ের প্রথম পাঠ পেয়েছিলেন তা দর্শকদের বলেন এই অভিনেত্রী।

বড় ভাই শহীদ নাট্যকার মুনীর চৌধুরী এবং প্রয়াত নাট্যকার-নির্দেশক আব্দুল্লাহ আল মামুনের প্রতি কৃতজ্ঞতা জানাতেও ভোলেননি ফেরদৌসী মজুমদার।

অভিনেতা বা লেখক যে কোনো পরিচয়ে প্রতিষ্ঠা পেতে গেলে পরিবারের প্রতিটি সদস্যের সঙ্গে সম্পর্ক ভালো থাকা উচিৎ বলে মনে করেন তিনি।

পরে সমবেতদের উদ্দেশে ফেরদৌসী বলেন, “সকলে প্রার্থনা করবেন, যত দিন বেঁচে থাকি ততদিন যেন সুস্থ ও সবল হয়ে চলতে পারি। যেন লিখতে পারি।”

প্রকাশনা অনুষ্ঠানে স্বাগত ভাষণে রামেন্দু মজুমদার বলেন, “ফেরদৌসীর লেখার ভঙ্গি একেবারে আলাদা। সে সহজ করে লিখে। বাচ্চাদের জন্য বেশ কিছু বই অনুবাদ করেছে সে। আমরা চাইব, ফেরদৌসী অভিনয়ের পাশাপাশি লেখালেখির দিকে আরেকটু মন দেবে এবং তা অবশ্যই সময়ের সঙ্কট বিবেচনা করে।”

তিনি জানান, গত ১৮ ‍জুন ফেরদৌসী মজুমদারের জন্মবার্ষিকী উপলক্ষে এক আনন্দ আয়োজন করার পরিকল্পনা ছিল তাদের। এরই মাঝে যাপিত জীবনের স্মৃতিচারণ নিয়ে ফেরদৌসী মজুমদারের লেখাগুলোর সংকলন ‘যা ইচ্ছা তাই’ প্রকাশিত হয়ে গেল জার্নিম্যান বুকস থেকে। পরে তাদের নাটকের দল থিয়েটারের সঙ্গে যৌথভাবে এই প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করেন তারা।

অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক আনিসুজ্জামান বলেন,  “এই বইটির ক্ষেত্রে বড় ব্যাপার হল, ফেরদৌসী এখানে সমান্তরালভাবে  পরিবার ও অভিনয় জীবনের কথা বলেছে। আমরা এখানে তার অভিনয় জীবন থেকে পরিবারে চলে যাই, পরে আবার অভিনয় জীবনে  আসি।

“এই করতে গিয়ে ফেরদৌসীর লেখনির মধ্যে দিয়ে অনেকগুলো চরিত্র সৃষ্টি হয়েছে। তার বলার বিষয়ভঙ্গি আকর্ষণীয়।”

‘যা ইচ্ছা তাই’ বইটির ৭৯ পৃষ্ঠায় বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিচারণে ফেরদৌসী মজুমদার তার শিক্ষক আনিসুজ্জামানকে নিয়ে লিখেছেন, “রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বিসর্জন’ আনিস স্যার কি ভালো পড়াতেন!”

অধ্যাপক আনিসুজ্জামান হাস্যরস করে বলেন, “এই দুই বাক্য বইয়ের সেরা বাক্য। গল্প, কবিতা  বা উপন্যাস নয়, বাংলা নাটকের শক্তিশালী অভিনেত্রী বলছেন, আমার নাটক পড়ানোর কথা... এ বড় সম্মানের।”

প্রকাশনা অনুষ্ঠানে যোগ দেন গণমাধ্যম ব্যক্তিত্ব মুহম্মদ জাহাঙ্গীর, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দীন ইউসুফ, লেখক-কবি আনিসুল হক, সানবীম স্কুলের প্রতিষ্ঠাতা নীলুফার মঞ্জুর।

নাসিরউদ্দীন ইউসুফ বলেন, “গুরুত্বপূর্ণ এই বইয়ে আমরা তার ‍যাপিত জীবনের পূর্ণাঙ্গ চিত্র পাই। আমরা তাকে চিনি ৪৪ বছর ধরে, সেই ১৯৭৪ সাল থেকে। এ সময়ে তার যাপিত জীবনের চিত্রটি আমাদের মানসপটে আঁকা হয়ে গেছে। তিনি পরিবার ও সমাজকে যেমন করে দেখেছেন, নানা আন্দোলন, সমাজ পরিবর্তন, রাষ্ট্র পরিস্থিতি তিনি কেমন করে দেখেছেন তা উঠে এসেছে ‘যা ইচ্ছা তাই’ বইটিতে।

“যারা এক অভিনেত্রীর ভেতর দিয়ে সময়কে দেখতে চান, তার সাংগঠনিক তৎপরতা, ক্রিয়াশীলতা দেখতে চান, তাদের জন্য এ বইটি খুব গুরুত্বপূর্ণ।”

ফেরদৌসী মজুমদারের আত্মজৈবনিক গ্রন্থ এটাই প্রথম নয়; এর আগে তার স্মৃতিচারণমূলক গ্রন্থ ‘মনে পড়ে’ প্রকাশিত হয়।