‘স্বপ্নজাল-এর ধারাবাহিকতা বজায় রাখতে চাই’
‘স্বপ্নজাল’-এ প্রশংসিত হয়েছেন পরী মনি। বড়পর্দায় নিজেকে নতুনরূপে উপস্থাপনের পর এবার ক্যারিয়ার নিয়েও নতুন করে ভাবছেন এ নায়িকা।
গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’ চলচ্চিত্রের মাধ্যমে নিজেকে নতুন করে চিনিয়েছেন চিত্রনায়িকা পরী মনি। খুব বেশি হলে চলচ্চিত্রটির মুক্তি না মিললেও মিলেছে প্রশংসা। কাহিনী, চিত্রনাট্য আর নির্মাণের পাশাপাশি পরী মনির অভিনয় আর সৌন্দর্যের প্রশংসা করেছেন সমালোচকরাও।
চলতি বছর ৬ এপ্রিল দীর্ঘ নয় বছর পর স্বপ্নজাল নিয়ে বড়পর্দায় আসেন ‘মনপুরা’খ্যাত নির্মাতা সেলিম। বাণিজ্যিক ঘরানার চলচ্চিত্রেই যাকে দেখা গেছে সেই পরীকেই নতুন রূপে উপস্থাপন করলেন তিনি। যে চলচ্চিত্রে অভিনয়ের ব্যাপারে শুটিং শুরুর আগ মুহুর্তেও সরে আসতে চেয়েছিলেন চিত্রনায়িকা পরী।
ছবি: পরী মনির ফেইসবুক পেইজ থেকে নেয়া
চলচ্চিত্রটির মুক্তির পর এখনও নতুন কোন চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নেননি তিনি। সম্প্রতি অসুখ নিয়ে টানা দু’বার হাসপাতাল থেকে ঘুরে এলেন।
মঙ্গলবার গ্লিটজকে বললেন, “আমি এখন সুস্থ। কোন ছবির শুটিং করছি না আপাতত। স্বপ্নজাল’এর ঘোর কাটেনি এখনও। সেদিন সেলিম ভাই (গিয়াস উদ্দিন সেলিম) ফোন দিয়ে বকা দিলেন, “তুমি ঘরে বসে আছো কেন? তোমাকে কি আমি শুটিংয়ে যেতে নিষেধ করেছি?” আমি আসলে নতুন ছবির জন্য নিজেকে মানসিক ভাবে প্রস্তুত করছি।”
‘স্বপ্নজাল’-এর পর ক্যারিয়ার নিয়ে কি ভাবছেন পরী মনি? এক কথায় উত্তর, “স্বপ্নজাল-এর ধারাবাহিকতা বজায় রাখতে চাই।” ভালো চিত্রনাট্য আর নির্মাণের প্রতিশ্রুতি চাইছেন পরী মনি। জানালেন, এরই মধ্যে বেশ কিছু চলচ্চিত্রের অফারও তার হাতে এসেছে। দু’টো চলচ্চিত্রের ব্যাপারে কথাও হচ্ছে কিন্তু এখনই মুখ খুলতে চাইলেন না।
ছবি: পরী মনির ফেইসবুক পেইজ থেকে নেয়া
শফিক হাসান পরিচালিত ‘বাহাদুরী’ নামে একটি চলচ্চিত্রের দু’টো গানের শুটিং বাকি আছে। শিগগিরই তাতে অংশ নেবেন পরী। এছাড়াও মুক্তির মিছিলে আছে ‘আমার প্রেম আমার প্রিয়া’ ও ‘নদীর বুকে চাঁদ’ নামে দু’টি চলচ্চিত্র।
নিজের প্রযোজনা প্রতিষ্ঠান সোনার তরী থেকে একটি চলচ্চিত্র প্রযোজনা করছেন পরী। ১৯৯০ সালের চা বাগানের একটি ঘটনার প্রেক্ষিতে চলচ্চিত্রটি নির্মাণ করবেন শামিম আহমেদ রনী। এতে পরী মনি নিজেই অভিনয় করবেন, তার সঙ্গে নায়ক হিসেবে ভিন্ন লুকে হাজির হবে জায়েদ খান।
চলতিবছরই চলচ্চিত্রটির শুটিং শুরু করতে চান পরী।
পরী বললেন, “‘স্বপ্নজাল’-এর পর আমার ব্যাপারে দর্শকের যে আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে তার ধরে রাখতে চাই। অভিনয় নির্ভর ভালো চরিত্রের জন্য অপেক্ষা করছি। তবে এটা জানি ‘স্বপ্নজাল’-এর মতো কিছু আর হবে না। ‘স্বপ্নজাল’ একটাই। এবার নতুন কিছু হোক।”
ছবি: পরী মনির ফেইসবুক পেইজ থেকে নেয়া
