মঞ্চে প্রাঙ্গনেমোর-এর তিন নাটক
মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, সম্রাট আওরঙ্গজেব কিংবা হাছন রাজা-অনুস্মরণীয় কীর্তিমানদের অনেককেই মঞ্চে ধারণ করেছে প্রাঙ্গনেমোর নাট্যদল। চলতিসপ্তাহে তেমনই তিন নাটক নিয়ে মঞ্চে আসছে দলটি।
রোজা ও ঈদের পর কর্মব্যস্ত হয়ে উঠেছে নাট্যাঙ্গন। চলতি সপ্তাহে প্রাঙ্গনেমোর নাট্যদল মঞ্চে আনছে তাদের জনপ্রিয় ৩টি নাটক- ‘হাছনজানের রাজা’, ‘দাঁড়াও... জন্ম যদি তব বঙ্গে’, ‘আওরঙ্গজেব’।
দলসূত্রে জানা যায়, ২৬ জুন সন্ধ্যা ৭টায় বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে প্রাঙ্গনেমোর মঞ্চস্থ করবে তাদের নতুন নাটক ‘হাছনজানের রাজা’। শাকুর মজিদের রচনা ও অনন্ত হিরার নির্দেশনায় নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয় চলতি বছর ২০ এপ্রিল।
অন্যদিকে, মহিলা সমিতি মঞ্চে প্রদর্শিত হবে প্রাঙ্গনেমোর নাট্যদলের অন্য দুই নাটক। মাইকেল মধুসূদন দত্তের সৃষ্টি ও জীবনের উপর ‘দাঁড়াও... জন্ম যদি তব বঙ্গে’ মঞ্চস্থ হবে ২৯ জুন। নাটকটি রচনা করেছেন অপূর্ব কুমার কুণ্ড।
মোঘল সম্রাট আওরঙ্গজেব এর জীবন ও কর্ম অবলম্বনে নির্মিত সাম্প্রদায়িকতাবিরোধী নাটক ‘আওরঙ্গজেব’ মঞ্চস্থ হবে আগামী ৩০ জুন। নাটকটি রচনা করেছেন মোহিত চট্টোপাধ্যায়।
নাটক দু’টিরও নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা।
