২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছেলেকে ছাড়াই কাটবে ববিতার ঈদ

এবার ঢাকায় একাই ঈদ করতে হচ্ছে অভিনেত্রী ববিতাকে, কানাডাপ্রবাসী একমাত্র ছেলে চাকরিতে ছুটি না পাওয়ায় আসতে পারছেন না দেশে।

সাইমুম সাদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2018, 07:33 PM

Updated : 08 Apr 2022, 06:30 PM

স্বামীর মৃত্যুর পর একমাত্র ছেলে অনিককে নিয়েই ববিতার সংসার। ছেলেকে লেখাপড়াও করিয়েছেন কানাডায়। বছরের অনেকটা সময় ছেলের সঙ্গেই থাকেন তিনি।

এবার ঈদে ছেলেকে পাচ্ছেন না জানিয়ে ববিতা গ্লিটজকে বলেন, “ছেলেকে ছাড়াই এবারের ঈদটা করতে হবে। কারণ ও একটা চাকরি করছে। আর ও যেখানে থাকে সেখানে তো ছুটি হয় না।”

ঈদে ছেলেকে কাছে না পাওয়া কষ্টকর হলেও বাস্তবতা মেনে নিয়েছেন তিনি। বলেন, “কিছু করার নেই। ঈদের দিন স্কাইপে ওর সঙ্গে কথা বলব। ওকে তো ঈদের দিনও অফিস করতে হবে।”

ঈদের পর ছেলেকে দেখতে নিজেই কানাডায় উড়াল দেবেন ববিতা। ঈদের পরদিন প্লেনের টিকেটও কেটে রেখেছিলেন। কিন্তু জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অনুষ্ঠানের তারিখ আরও পরে হওয়ায় ওই টিকেট বাতিল করেছেন।

এবার প্রধানমন্ত্রীর হাত থেকে আজীবন সম্মাননা গ্রহণ করবেন ববিতা। অনুষ্ঠানের পরদিনই কানাডায় চলে ‍যাবেন তিনি।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এ নায়িকা এখন চলচ্চিত্র থেকে অনেকটাই দূরে।

এর কারণ হিসেবে চলচ্চিত্র শিল্পের ‘দুরাবস্থাকে’ দায়ী করে ববিতা গ্লিটজকে বলেন, “সিনেমায় অভিনয়ের কথা আপাতত ভাবছিই না। সিনেমার এখন যে অবস্থা চলছে সেটা সিনেমা করার মতো না। আমরা যে ধরনের কাজ করে এসেছি এখন সেটা আমাদের পক্ষে সম্ভব না।

“দেখা গেল, কোনো রকমে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত থাকলাম কিন্তু আমার করণীয় কিছু নাই। তার চেয়ে না থাকাটাই ভালো।”

তাহলে আপনাকে আর কোনো চলচ্চিত্রে পাবে না দর্শক?

জবাবে ববিতা বলেন, অভিনয়কে এখনও বিদায় জানাননি।

“যদি ভালো চরিত্র, ভালো প্রযোজক ও ভালো ডিরেক্টর পাই তাহলে ভেবে দেখতে পারি।”

ববিতার আসল নাম ফরিদা আক্তার পপি। ১৯৬৮ সালে জহির রায়হানের ‘সংসার’ চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে অভিষেক ঘটে তার। এতে রাজ্জাক-সুচন্দার মেয়ের চরিত্রে অভিনয় করেন। চলচ্চিত্র জগতে তার প্রথম নাম ছিল ‘সুবর্ণা’। জহির রায়হানের ‘জ্বলতে সুরজ কি নিচে’ চলচ্চিত্রে অভিনয় করতে গিয়েই তার নাম ‘ববিতা’ হয়।

সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’-এর মতো সাড়া জাগানো চলচ্চিত্রে অভিনয় করে ববিতা খ্যাতি পেয়েছেন ভারতীয় উপমহাদেশে। সেরা অভিনেত্রী হিসেবে তিনবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। প্রায় তিনশ চলচ্চিত্রের এ নায়িকার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘পুত্র এখন পয়সাওয়ালা’, এটি মুক্তি পায় ২০১৫ সালে।

চলতি দশকের শুরু থেকেই অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন ববিতা।