ঈদ আনন্দমেলা উপস্থাপনায় ছয় তারকা
ভিন্ন আঙ্গিকের উপস্থাপনায় তৈরি হচ্ছে বিটিভির এবারের ঈদ আনন্দমেলা।
বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ঈদ আনন্দমেলা’ আসছে নানা চমকে। ভিন্নধর্মী উপস্থাপনায় এবার অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন তুষার খান, রোজী সিদ্দকী, শাহনাজ খুশি ও নাজনীন হাসান চুমকী। সঙ্গে থাকছেন শহীদুজ্জামান সেলিম ও বৃন্দাবন দাস।
উপস্থাপক হিসেবে মঞ্চে থাকার কথা রোজী সিদ্দিকী, শাহনাজ খুশি ও নাজনীন হাসান চুমকীর। সময় বয়ে যায় কিন্তু এখনো সেটে পৌঁছাননি তারা। বাধ্য হয়ে মঞ্চে আসেন তুষার খান। অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের ফাঁকে অনুসন্ধানে জানা যায় তিন নারী উপস্থাপকের সেটে সময় মতো আসতে না পারার কারণ। অন্যতম কারণ মেক আপ শেষ না হওয়া, তার সঙ্গে যোগ হয়েছে ট্রাফিক জ্যাম।
এমনি নানা ঝক্কি পেরিয়ে এক সময় তারাও হাজির হন সেটে।
এমনই মজার সব কাণ্ডে চলতে থাকে অনুষ্ঠান। বিটিভি মহাপরিচালক এসএম হারুণ অর রশীদের পরিকল্পনায় এবারের ঈদ আনন্দমেলা পরিচালনা ও প্রযোজনা করছেন মাহফুজা আক্তার।
তিনি জানান, এবারের আনন্দমেলায় থাকছে বেশ কজন নারীর সাফল্য গাঁথা। আরো থাকছে তারকা শিল্পীদের গান, নাচ, মনকাড়া পরিবেশনা, মজার আর শিক্ষামূলক নাটিকাসহ নানা আয়োজন।
ঈদ আনন্দমেলা প্রচারিত হবে ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর।
